হংকংয়ে ম্যান ইউর জয়
প্রাক-মৌসুম এশিয়া সফরে হংকংয়ের কিটচি স্পোর্টিং ক্লাবকে ৫-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
নতুন কোচ ডেভিড ময়েসের অধীনে ম্যানইউর এটা দ্বিতীয় জয়। এর আগে অস্ট্রেলিয়ার ‘এ’ লিগ অল স্টার্সকে ৫-১ গোলে হারিয়েছিল তারা।
সোমবার হংকং স্টেডিয়ামে ১৬ মিনিটে স্ট্রাইকার ড্যানি ওয়েলবেকের গোলে এগিয়ে যায় ম্যান ইউ। ২২ ও ২৬ মিনিটে আরো দুই গোল করেন দুই ডিফেন্ডার ক্রিস স্মলিং ও ফ্যাবিও দা সিলভা।
৫০ মিনিটে মিডফিল্ডার আদনান জানুজাইয়ের গোলে ব্যবধান হয়ে যায় ৪-০। তবে ১৫ মিনিটের ব্যবধানে স্বাগতিক দলের মিডফিল্ডার লাম কা ওয়াই ও স্ট্রাইকার অ্যালেক্স তায়ো আকান্দের গোল কিছুটা উত্তেজনা ফিরিয়ে নিয়ে আসে ম্যাচে।
সেই উত্তেজনায় জল ঢেলে দেন মিডফিল্ডার জেসি লিনগার্ড, ৮০ মিনিটে লক্ষ্যভেদ করে।
