২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ হকির ক্যাম্প বয়কটের হুমকি

দলবদলের দাবিতে জাতীয় দলের হকি খেলোয়াড়রা আবারো আন্দোলনে নেমেছেন। ২৪ ঘণ্টার মধ্যে দলবদলের তারিখ ঘোষণা করা না হলে এশিয়া কাপের ক্যাম্প বয়কটের হুমকি দিয়েছে হকি খেলোয়াড় কল্যাল সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রীড়া প্রতিবেক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 06:48 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

সোমবার হকি খেলোয়াড় কল্যাণ সমিতির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পি জানিয়েছেন, “চব্বিশ ঘন্টার মধ্যে হকির দলবদল ঘোষণা করতে হবে। তা না হলে আমরা বাধ্য হবো জাতীয় দলের ক্যাম্প থেকে সরে দাঁড়াতে।”

তিনি বলেন, “এটা আমাদের রুটি রুজির বিষয়। আমরা অনেকদিন অপেক্ষা করেছি। আর না পেরে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”

আন্দোলনে নামার ঘোষণার পর জাতীয় দলের খেলোয়াড়রা সোমবার অনুশীলনে যোগ দেয়নি। বিভিন্ন সার্ভিসেস দলের খেলোয়াড়দেরও তারা বাধ্য করেছে অনুশীলন না করতে।

তাই জাতীয় দলের পাকিস্তানি কোচ নাভিদ আলম ও তার সহকারী মাহবুব হরুনকে মাঠে এসেও বসে থাকতে হয়েছে।

এদিন খেলোয়াড়দের ট্রায়াল নেয়ার কথা ছিল। কারণ ৩১ জুলাইয়ের মধ্যে এশিয়ান হকি সংস্থার কাছে জাতীয় দলের নাম জমা দেয়ার কথা।

কোচের উপর চড়াও কল্যাণ সমিতির নেতারা

এদিকে বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তানি কোচ নাভিদ আলমের উপর চড়াও হয়েছেন হকি খেলোয়াড় কল্যাণ সমিতির কয়েকজন নেতা।

নাভিদ আলম অভিযোগ করেন, “আমি বিকেলে খেলোয়াড়দের সঙ্গে একটি রুমে কথা বলছিলাম। এসময় কয়েকজন সাবেক খেলোয়াড় রুমে ঢুকে পড়ে। ঢুকেই আমাকে গালাগাল করে। খেলোয়াড়দেরও গালাগাল করে বেরিয়ে যেতে বলে। আরিফুল হক প্রিন্স আমাকে চেয়ার তুলে মারতে উদ্ধত হয়।”

প্রিন্স খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক।

কোচ বলেন, “আমি বিষয়টা ফেডারেশনের সভাপতিকে জানিয়েছি। তিনি এই বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।”