ক্ষমা চেয়েছেন জিমির হুমকিদাতা দোলন
হকি তারকা রাসেল মাহমুদ জিমিকে হুমকিদাতা শেষ পর্যন্ত নিজেই ধরা দিয়েছেন। তিনি হলেন আবাহনীর হকি কমিটির যুগ্ন সম্পাদক ও সাবেক হকি খেলোয়াড় শহিদুল্লাহ দোলন।
রোববার রাতে দোলন নিজেই ফেডারেশনে গিয়ে স্বীকার করেছেন জিমিকে এসএমএস করে তিনিই হুমকি দিয়েছেন। সোমবার ফেডারেশন অনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমকে জানিয়েছে বিষয়টি।
গত ১৮ জুলাই অপরিচিত এক নম্বর থেকে জিমির মোবাইল ফোনে একটি এসএমএস পাঠিয়ে তার বাসায় র্যাব পাঠানোর হুমকি দেয়া হয়। এরপর বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন জিমি।
ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানিয়েছেন, “হুমকিদাতা নিজেই অনুতপ্ত। তিনি ফেডারেশনে এসে চিঠি দিয়ে ক্ষমা চেয়েছেন। ক্ষমা চেয়েছেন জিমির কাছেও।”
“অবশ্য আমরা এখনই এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। ফেডারেশনের পরবর্তী সভায় নির্বাহী কমিটি সিদ্ধান্ত নেবে তাকে শাস্তি দেয়া হবে কিনা”, যোগ করেন তিনি।
হুমকিদাতা দোলনের প্রতি বেশ নমনীয়ভাবই দেখালেন রহমতউল্লাহ, “এখন জিমিই সিদ্ধান্ত নেবে, তাকে ক্ষমা করবে কিনা। কারণ জিমি ভুক্তভোগী। আমরা এ ব্যাপারে কিছু বলতে চাই না। অবশ্য ফেডারেশনের তরফ থেকে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেবো।”
ফেডাশেনের সহ সভাপতি রশিদ শিকদার জানিয়েছেন, “হুমকিদাতা আমার কাছে স্বীকার করেছেন, তিনি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর প্রতি ক্ষুব্ধ হয়ে আবেগের বশবর্তী হয়ে কাজটি করেছেন।”
রাসেল মাহমুদ জিমি বলেন, “আমি ভাবতেই পারি না তিনি (দোলন) এমন কাজটি করতে পারেন। আমি তাকে অনেক ছোটবেলা থেকে চিনি। তিনি আমার পিতৃতুল্য। তার কাছ থেকে এমন আচরণ আমি আশা করিনি।”
হতাশ জিমি যোগ করেন, “এখন ফেডারেশনই সিদ্ধান্ত নেবে এর জন্য কি করণীয়। তবে আমার কাছে মনে হয়েছে, হকির জন্য এটা বাজে উদাহরণ হয়ে থাকলো।”
