২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নকে হারিয়ে সুপার কাপ ডর্টমুন্ডের

প্রীতি ম্যাচগুলোতে গোলের বন্যা বইয়ে দেয়া বায়ার্ন মিউনিখ মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই হেরে গেছে। পেপ গার্দিওলার দলকে ৪-২ গোলে হারিয়ে জার্মান ডিএফএল সুপার কাপ জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 03:00 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

শনিবার চ্যাম্পিয়নস লিগ ও বুন্দেস লিগা চ্যাম্পিয়নদের হারিয়ে ডর্টমুন্ডকে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলতে দুই গোল করেছেন মার্কো রয়েস। গোলরক্ষকের ভুলে খেলা শুরুর ছয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোলটি শোধ করেন আরিয়ান রোবেন। কিন্তু এর পরই একের পর এক আক্রমণ চালিয়ে যায় ডর্টমুন্ড। বায়ার্নের ড্যনিয়েল ফন বুয়েটেন নিজের জালে বল জড়িয়ে দিলে আবার এগিয়ে যায় ডর্টমুন্ড। একটু পরেই ব্যবধান বাড়ান ইলকে গুনদোগান।

আরেক গোল করে রোবেন ব্যবধান কমালেও ৮৬ মিনিটে রয়েসও দ্বিতীয় গোল করে ডর্টমুন্ডের জয় নিশ্চিত করেন।

ডর্টমুন্ডের সিগনাল ইডুনা স্টেডিয়ামে ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারের মধুর প্রতিশোধও নিয়ে নিল তারা।

এ ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি বায়ার্নের উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরি ও গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। ডর্টমুন্ড থেকে আনা মারিও গোটশেকেও চোটের কারণে খেলাননি গার্দিওলা।

নতুন কোচ গার্দিওলার অধীনে প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচগুলোতে দুর্বার খেলছিল বায়ার্ন। ক'দিন আগেই বার্সেলোনাকে তারা হারিয়েছিল ২-০ গোলে।