‘উন্নতি’ দেখে ডি ক্রুইফ সন্তুষ্ট
রোববার দুটো প্রস্তুতি ম্যাচ খেলতে থাইল্যান্ড যাচ্ছে জাতীয় ফুটবল দল। তার আগে দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ জানিয়েছেন, তিন সপ্তাহের প্রশিক্ষণে বাংলাদেশের উন্নতির হার সন্তোষজনক।
শনিবার ডি ক্রুইফ বলেন, “দলের উন্নতির হার দেখে আমি খুবই খুশি। তবে এখনই দল সম্পর্কে বিস্তারিত কিছু বলতে চাই না। কারণ আমাদের কৌশল বিদেশি মিডিয়ার মাধ্যমে প্রতিপক্ষরা জেনে যেতে পারে।”
“শুধু এটুকু বলতে চাই, প্রতিটি বিভাগেই ধীরে-ধীরে উন্নতি হচ্ছে। তিন সপ্তাহের প্রশিক্ষণে দলের ভালোই উন্নতি হয়েছে। আশা করি বাকি পাঁচ সপ্তাহে দল পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে।”
তিনি আরো বলেন, “আক্রমণভাগের খেলোয়াড়রা ভালো উন্নতি করেছে। ওয়াহেদ আহমেদ ও তকলিস আহমদের মতো তরুণরা তো বটেই, এমিলির মতো অভিজ্ঞ স্ট্রাইকারেরও যথেষ্ট উন্নতি হয়েছে।”
