আমি নিষ্কলুষ: বোল্ট
সম্প্রতি ডোপিং কেলেঙ্কারির ঘটনা অ্যাথলেটিক্সের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে উল্লেখ করে বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট জানিয়েছেন এসব থেকে তিনি নিষ্কলুষ।
ডায়মন্ড লিগ মিটে যোগ দিতে এখন লন্ডন আছেন এই জ্যামাইকান স্প্রিন্টার।
সম্প্রতি মার্কিন স্প্রিন্টার টাইসন গে আর জ্যামাইকার আসাফা পাওয়েলের শরীরে নিষিদ্ধ ড্রাগ ধরা পড়ে। জ্যামাইকার আরো কয়েকজন অ্যাথলেট ডোপ টেস্টে অনুত্তীর্ণ হন।
১০০ ও ২০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডের মালিক বোল্ট মনে করেন, একজন অ্যাথলেটকে অনেক সতর্ক থাকতে হবে কারণ এখন নিষিদ্ধ তালিকায় অনেক উপাদানই আছে।
"আপনি শরীরে কি নিচ্ছেন তা নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। কিন্তু আমি এ নিয়ে চিন্তিত নই। ব্যক্তি হিসেবে আমি সতর্ক থাকি।"
বোল্ট বলেন কিশোর বয়স থেকে তার রেকর্ডগুলো প্রমাণ করে তিনি কখনও ড্রাগ নেননি।
"১৫ বছর বয়স থেকেই আমি অসাধারণ সব কাজ করে দেখাচ্ছি। বিশ্ব জুনিয়র অ্যাথলেটিকসে আমি সবচেয়ে কম বয়সী চ্যাম্পিয়ন। ১৮ বছর বয়সে আমি বিশ্ব জুনিয়র রেকর্ড গড়ি। আমি জুনিয়র পর্যায়ের সব রেকর্ড ভেঙে দিয়েছিলাম।"
২৬ বছর বয়সী বোল্ট জানান, ডোপ টেস্টে অনুত্তীর্ণ হওয়ার পর আসাফা পাওয়েলকে সান্তনা জানিয়ে এসএমএস পাঠিয়েছেন তিনি; বলেছেন শক্ত থাকতে।
ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে মানুষের মন কেলেঙ্কারি থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করবেন বলে বোল্ট জানান।
"আমি কঠিন অনুশীলন করে জোড়ে দৌড়ানোর চেষ্টা করছি যাতে যা যা ঘটেছে তা ভুলে মানুষ সামনের দিকে তাকায়।"
ছয়টি অলিম্পিক সোনার পদকের মালিক বোল্ট জানান, আগামী মাসে মস্কোতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য নিজেকে প্রস্তুত করতে গত তিন সপ্তাহ ধরে কঠোর অনুশীলন করে যাচ্ছেন তিনি।
লন্ডনে ১০০ মিটার ও ১০০ মিটার রিলেতে দৌড়াবেন উসাইন বোল্ট।
