রোমাশিনার চারে চার
বার্সেলোনায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে চতুর্থ সোনা জিতেছেন রুশ তরুণী সভেতালানা রোমাশিনা। বৃহস্পতিবার সিনক্রোনাইজড সুইমিংয়ের দ্বৈত ফ্রি রুটিনে সঙ্গীকে নিয়ে সোনা জিতেন তিনি।
সিনক্রোনাইজড সুইমিংয়ের নতুন এই রানি এর আগে একক ফ্রি, টেকনিকাল একক এবং টেকনিকাল দ্বৈতে রাশিয়াকে সোনা এনে দিয়েছিলেন।
দ্বৈত ফ্রি রুটিনে সুইমিংপুলের পানিতে অপূর্ব কলাকৌশল দেখানোতে তার সঙ্গী ছিলেন সভেতলানা কোলেসনিচেঙ্কো।
রৌপ্য পদক জিতেছেন চীনের জমজ বোন তিংতিং ও ওয়েন ওয়েন জিয়াং। স্বাগতিক স্পেনের ওনা কারবোনেল আর মারগারিদা ক্রেসপি পেয়েছেন ব্রোঞ্জ।
তথ্য প্রযুক্তি নিয়ে পড়া রোমাশিনা বলতেই পারেন, তিনি যাই ছোঁন তাই সোনা হয়ে যায়। ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এর আগের আসরগুলোতে ১১টি সোনার পদক পাওয়া রোমাশিনার মোট স্বর্ণপদক দাঁড়ালো ১৫টিতে।
এছাড়া বেইজিং অলিম্পিকে একটি ও লন্ডন অলিম্পিকে দুটি সোনা জিতেছিলেন তিনি।
আর ৫ কিলোমিটার মিশ্র দলীয় সাঁতারে গ্রিস আর ব্রাজিলকে পেছনে পেলে সোনা জিতেছে জার্মান দল।
শনিবার শুরু হয়েছে জলক্রীড়ার সবচেয়ে বড় এই প্রতিযোগিতা ‘ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশিপ’। এটি প্রতিযোগিতার ১৫তম আসর। ১৮১ টি দেশের সর্বমোট ২ হাজার ২৯৩ জন প্রতিযোগী এতে অংশ নিচ্ছেন।
