‘বিশ্বাসঘাতক’ ফুটবলারদের কঠোর শাস্তির হুঁশিয়ারি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলবদলে কোনো ফুটবলার দুই ক্লাব থেকে টাকা নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে পেশাদার লিগ কমিটি।
মঙ্গলবার এক সভা শেষে লিগ কমিটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, “আমরা শুনেছি কোনো-কোনো ফুটবলার দুই ক্লাব থেকে টাকা নিয়েছে। এটা দণ্ডনীয় অপরাধ।
“আমরা সংশ্লিষ্ট ক্লাবগুলোর সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলার জন্য তাদের ৫ অগাস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। নইলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, “দুই ক্লাব থেকে টাকা নেয়া কোনো ফুটবলারকে অপরাধী বলা হলে সংশ্লিষ্ট ক্লাবগুলোকেও অপরাধী বলতে হবে। দলবদল শুরু হওয়ার আগেই তারা কেন টাকা দিচ্ছে?”
এদিকে বাফুফের নির্বাহী কমিটির নির্দেশনা অনুযায়ী ঢাকার বাইরে নিরপেক্ষ ভেন্যুতে লিগের কোনো খেলা আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি। আগের মতো লিগের প্রথম দুই পর্ব ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ভিত্তিতে এবং তৃতীয় ও শেষ পর্ব ঢাকায় হবে।
লিগে ১০টি দল অংশ নেবে। এর মধ্যে একটি দলের অবনমন হবে এবং চ্যাম্পিয়নশিপ লিগ বা পেশাদার লিগের দ্বিতীয় স্তর থেকে দুটি দল উঠে আসবে প্রিমিয়ার লিগে।
