আনঝি ছাড়লেন গাস হিডিঙ্ক
রুশ ক্লাব আনঝি মাখাচখালার কোচের পদ থেকে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের সাবেক কোচ গাস হিডিঙ্ক।
হিডিঙ্কের উত্তরসূরি হিসেবে যোগ দিয়েছেন তারই স্বদেশী রেনে মিউলেন্সটিন।
পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে ৬৬ বছর বয়সী হিডিঙ্ক বলেন, “সবসময়ই আমি বলে এসেছি যে আনঝির হয়ে আমার মিশন তখনই শেষ হবে যখন আমাকে ছাড়াই ক্লাবটি বেড়ে উঠতে ও উন্নতির পথে চলতে পারবে।”
২০১২ সালে আনঝির কোচ হিসেবে যোগ দিয়েছিলেন নেদারল্যান্ডসের সাবেক এই মিডফিল্ডার হিডিঙ্ক।
শুধু নিজ দেশকেই নয়, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও রাশিয়ারও দায়িত্বে ছিলেন এই ডাচ তারকা।
২০০২ সালের বিশ্বকাপে তারই অধীনে দক্ষিণ কোরিয়া সেমিফাইনাল খেলেছিল। এছাড়া ২০০৮ সালের উয়েফা ইউরোতে সেমিফাইনালে ওঠে তার দল রাশিয়া।
আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি রিয়াল মাদ্রিদ, চেলসি, পিএসভির মতো জনপ্রিয় ক্লাবেরও কোচ ছিলেন তিনি।
রিয়ালের হয়ে ১৯৯৮ সালে ইন্টার কন্টিনেন্টাল কাপ ও চেলসির হয়ে ২০০৯ সালে এফএ কাপ জিতেছিলেন হিডিঙ্ক।
ডাচ দল পিএসভি আইন্দহোভেনকে ১৯৮৮ সালে ইউরোপীয় কাপ জিতিয়েছিলেন তিনি। এছাড়া দলটিকে ৬টি লিগ ও ৪টি কাপ শিরোপা জিতিয়েছেন তিনি।
