বার্সেলোনার নতুন কোচ মার্তিনো
বার্সেলোনার নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আর্জেন্টিনার জেরার্দো মার্তিনো। মঙ্গলবার ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, টিটো ভিলানোভার এই উত্তরসূরি দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
ক্লাব ওয়েবসাইটে বলা হয়, বার্সেলোনার সঙ্গে মার্তিনোর চুক্তি স্বাক্ষর এবং তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়ার বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।
`তাতা’ হিসেবে পরিচিত মার্তিনো আর্জেন্টিনার নিউয়েলস ওল্ড বয়েসের হয়ে খেলার পর কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্যারাগুয়োর জাতীয় দলেরও দায়িত্বে ছিলেন তিনি।
তিনি হবেন বার্সেলোনার ইতিহাসে চতুর্থ আর্জেন্টাইন কোচ।
অসুস্থতার কারণে গত শুক্রবার বার্সাকে ভিলানোভা বিদায় জানানোর পর থেকে নতুন কোচের সন্ধানে নামে কাতালান দলটি। সোমবার স্পেনের গণমাধ্যমগুলোতে সম্ভাব্য কোচ হিসেবে মার্তিনোর নাম এলেও মঙ্গলবার তা নিশ্চিত করে বার্সেলোনা।
১৭ বছর বয়েসে মার্তিনোর ফুটবল জীবনের শুরু আর্জেন্টিনার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েসে। এই দলটিতেই তিনি কাটিয়েছের ক্যারিয়ারের সুবর্ণ সময়। দলটির হয়ে ৫০৫টি ম্যাচ খেলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। নিউওয়েলস ভক্তদের ভোটে দলটির ইতিহাস সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন মার্তিনো।
পরে চিলি ও ইকুয়েডরের কয়েকটি ক্লাবেও খেলেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ার শেষে বুটজোড়া তুলে রাখেন ১৯৯৬ সালে।
