বার্সেলানার পথে ৩ সাঁতারু
স্পেনের বার্সেলোনায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ঢাকা ছেড়ে গেছেন বাংলাদেশের তিন সাঁতারু ।
সোমবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বার্সেলোনার উদ্দেশে রওনা দেন মাহফুজা আক্তার শিলা, মাহফিজুর রহমান সাগর ও অনিক ইসলাম।
বাংলাদেশের প্রতিযোগিরা পুলে নামবেন বুধবার। শিলা ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে, অনিক ৫০ মিটার বাটারফ্লাইয়ে এবং সাগর ৫০ মিটার ফ্রি-স্টাইলে অংশ নিবেন।
পদক পাওয়ার আশায় নয়, বিশ্বসেরা সাঁতারুদের কাছ থেকে কিছু শিখবেন, নিজেদের সেরা টাইমিং করবেন- এই লক্ষ্য নিয়েই অংশ নিচ্ছেন তারা।
দেশ ছাড়ার আগে সাগর জানিয়েছেন, “বাংলাদেশ গেমসের চেয়ে আরও ভালো টাইমিং করতে চাই। আমার লক্ষ্য অন্তত সেমিফাইনালে যাওয়া।”
গত বাংলাদেশ গেমসে সাগর হয়েছিলেন সেরা সাঁতারু। ৫০ মিটার ফ্রি-স্টাইলে নিজের রেকর্ড নিজেই ভেঙেছিলেন (২৪.৪২ সেকেন্ড)। বার্সেলোনাতে এর চেয়ে ভালো সময় করতে চান তিনি।
বাংলাদেশ গেমসে শিলা ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জেতেন ৩৬.০৪ সেকেন্ড সময় নিয়ে। তাঁর সেরা টাইমিং ছিল গত এসএ গেমসে (৩৪.৪৩ সেকেন্ড)। শ্রীলঙ্কার নাতাশা করুনারতের কাছে মাইক্রোসেকেন্ডের ব্যবধানে হেরে রুপা জিতেছিলেন বাংলাদেশ নৌ বাহিনীর এই সাতাঁরু। শিলাও বার্সেলোনায় এসএ গেমসের ওই সময়টা টপকাতে চান।
এ তিন সাঁতারুর সঙ্গে বার্সেলোনায় থাকছেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন ও যুগ্ম সম্পাদক এমবি সাইফ। ফিনা কংগ্রেসে যোগ দিতে তারা দু’জন ১৯ জুলাই ঢাকা ছেড়েছেন।
