শততম ট্যুর দ্য ফ্রান্স জিতলেন ক্রিস ফ্রুম
ট্যুর দ্য ফ্রান্সের শততম আসরের শিরোপা জিতেছেন ব্রিটেনের ক্রিস ফ্রুম। ২১টি ধাপের এই প্রতিযোগিতায় নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে মোট চার মিনিট ২০ সেকেন্ড এগিয়ে ছিলেন তিনি।
নিজের দল 'টিম স্কাইয়ের' অন্যান্য সদস্যদের সঙ্গে হাত ধরাধরি করে প্যারিসে প্রতিযোগিতার শেষ ধাপের ফিনিশিং লাইন অতিক্রম করেন ফ্রুম।
গত বছর প্রথম ব্রিটিশ হিসেবে ট্যুর দ্য ফ্রান্স জিতেছিলেন ব্র্যাডলি উইগিনস। চোটের কারণে এ বছর অংশ নেননি তিনি। তাই গতবছরের রানার-আপ ২৮ বছর বয়স্ক ক্রিস ফ্রুমকেই 'ফেভারিট' ধরা হয়েছিল।
প্রতিযোগিতার ২১টি ধাপের মধ্যে অষ্টম ধাপ জিতে 'লিড' নিয়েছিলেন ফ্রুম। এরপর ১৫ ও ১৭ নম্বর ধাপও জিতেছিলেন তিনি। পুরো প্রতিযোগিতায় ৩ হাজার ৪০৪ কিলোমিটার সাইকেল চালিয়েছেন তিনি।
