২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফের জন্য ‘কঠিন’ শর্ত

আগামী মৌসুমে ঢাকার পাশাপাশি ঢাকার বাইরেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের বেশ কিছু ম্যাচ আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু ক্লাবগুলো নিজেদের খরচে ঢাকার বাইরে খেলতে যেতে রাজি নয়। তবে বাফুফে তাদের যাওয়া-আসা ও থাকা-খাওয়ার সমস্ত খরচ বহন করলে ঢাকার বাইরে খেলতে আপত্তি নেই ক্লাবগুলোর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 09:10 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

এ প্রসঙ্গে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং ফুটবল ক্লাব সমিতির সভাপতি মনজুর কাদের বলেন, “ঢাকার বাইরে খেলতে গেলে আমাদের খরচ অনেক বেড়ে যাবে। তবে বাফুফে ঢাকার বাইরে আমাদের খরচ বহন করলে আমরা খেলতে রাজি হতে পারি।”

“যদিও ঢাকার বাইরের মাঠগুলোর খুবই করুণ অবস্থা। ঐ মাঠগুলোতে ফুটবলারদের চোটে পড়ার সমূহ আশঙ্কা।”

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের মতে, ক্লাবগুলোর দাবি সম্পূর্ণ অযৌক্তিক। তিনি বলেন, “ফুটবলের স্বার্থে আমরা সব কিছু করতে রাজি। তারপরও বলবো, ক্লাবগুলোর এমন দাবি করা ঠিক হচ্ছে না। শুধু প্রিমিয়ার লিগের জন্যই আমরা একটি ক্লাবকে ১০ লাখ টাকা করে অনুদান দিচ্ছি।”

ফুটবলকে সারা দেশে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ঢাকার বাইরে অন্তত তিনটি ভেন্যু রাখার পরিকল্পনা বাফুফের। ভেন্যু হিসেবে চট্টগ্রাম, সিলেট এবং খুলনা অথবা যশোরের মধ্যে যে কোনো একটিকে প্রাথমিক ভাবে বেছে নেয়া হবে।

এদিকে গত মৌসুমে অবনমিত আরামবাগ ক্রীড়া সংঘকে আগামী প্রিমিয়ার লিগে রেখে দেয়ার বিপক্ষে সালাউদ্দিন। যদিও পেশাদার লিগ কমিটি আরামবাগকে রেখে দেয়ার পক্ষেই মত দিয়েছে।

কিন্তু এর সঙ্গে ভিন্ন মত পোষণ করে বাফুফে সভাপতি বলেন, “একটা দলের লিগ থেকে অবনমন হয়েছে। সেই দলটিকে কেন রেখে দেয়া হবে? এটা কোনো যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। তাহলে তো আগের মৌসুমে অবনমিত রহমতগঞ্জ এমএফএস এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকেও আবার প্রিমিয়ার লিগে নিয়ে আসতে হবে।”