২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুনি বিক্রির জন্য নয়: ময়েস

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ডেভিড ময়েস আবারো জানিয়েছেন, তারকা স্ট্রাইকার ওয়েইন রুনিকে বিক্রি করার কোনো ইচ্ছাই তার নেই।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Jul 2013, 09:47 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

চেলসি রুনিকে কিনতে আগ্রহ প্রকাশ করলেও প্রাক-মৌসুম সফরে বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকা ম্যানইউর কোচ শুক্রবার সিডনিতে এক সংবাদ সম্মেলনে বলেন, “(রুনির বিষয়ে) ক্লাবের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।”

কয়েক দিন আগে থাইল্যান্ডে থাকার সময় ময়েস জানিয়েছিলেন, আগামী মৌসুমে রুনিকে দলের দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে বিবেচনা করছেন তিনি। প্রধান স্ট্রাইকার রবিন ফন পার্সি চোট পেলেই প্রথম একাদশে সুযোগ পাবেন রুনি।

ময়েসের এই মন্তব্য ক্ষুব্ধ করে তোলে রুনিকে। চোটের কারণে সফরের শুরুতেই ইংল্যান্ডে ফিরে যাওয়ার আগে সাংবাদিকদের কাছে এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তিনি।

ময়েস অবশ্য ফন পার্সির প্রশংসা করেই যাচ্ছেন। গত মৌসুমে ৩০ গোল করে ম্যান ইউর ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে বড় অবদান রাখা ডাচ স্ট্রাইকার প্রসঙ্গে তিনি বলেন, “এই সপ্তাহে প্রথমবারের মতো তাকে দেখলাম। তার বলের প্রতি নিয়ন্ত্রণ, স্পর্শ, সজাগ দৃষ্টি, গোল করা সব কিছুই দেখেছি।”

“তার পেশাদারিত্বে আমি সত্যিই মুগ্ধ। সে কখনোই কোনো কিছু নিয়ে অভিযোগ করে না। সে শুধু তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, কঠোর অনুশীলনে নিজেকে মগ্ন রাখে।”