সাফ ফুটবলের ক্যাম্পে জার্মানি প্রবাসী ফুটবলার
সাফ ফুটবলের ক্যাম্পে যোগ দিতে বৃহস্পতিবার রাতে ঢাকায় এসেছেন জার্মানি-প্রবাসী ফুটবলার রিয়াসাত খাতন।
বাফুফে ভবনে ক্যাম্পে যোগ দিতে এসে তিনি বলেন, “দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে এসেছি। তবে এখনই প্রত্যাশা সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। কারণ বাংলাদেশের খেলার ধরণ সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই।”
পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে জার্মানিতে পাড়ি জমান রিয়াসাত। জার্মানির চতুর্থ বিভাগের ক্লোপেনবার্গ ক্লাবে খেলেন তিনি।
রিয়াসাত জানান, “জার্মান লিগে খেলা আফগান ফুটবলারদের কাছে বাংলাদেশ দল সম্পর্কে জেনেছি। তারা আফগানিস্তানের হয়ে বাংলাদেশের বিপক্ষে খেলেছিল। বাবার কাছ থেকেও এদেশের ফুটবল সম্পর্কে খানিকটা ধারণা পেয়েছি।”
২৩ বছর বয়সী রিয়াসাত প্রায় দেড় বছর চোটের সঙ্গে লড়াই করে মাস তিনেক আগে সুস্থ হয়ে উঠেছেন। তিনি বলেন, ‘এখন আমি পুরোপুরি ফিট। আপাতত দুই সপ্তাহের জন্য ঢাকায় এসেছি। চূড়ান্ত দলে জায়গা পেলে দীর্ঘ সময়ের জন্য আবার আসবো।”
সাফ ফুটবলের প্রস্তুতি শুরু হওয়ার আগেই আসার কথা ছিল রিয়াসাতের। জার্মানিতে ক্লাব পরিবর্তনজনিত জটিলতার কারণে আসতে দেরি হলো।
মিডফিল্ডে খেললেও গোল করানোর চেয়ে করতেই বেশি পছন্দ রিয়াসাতের। এ প্রসঙ্গে তিনি বলেন, “এটাই আমার খেলার বিশেষত্ব।”
