২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে খেলতে বাধা নেই ফেনারবাচের

ঘরোয়া ফুটবলে ম্যাচ পাতানোর অভিযোগে ফেনারবাচেকে ইউরোপের সব ধরনের প্রতিযোগিতায় দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা)। তুরস্কের ক্লাবটির জন্য সুখবর, উয়েফার সিদ্ধান্তকে স্থগিত ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)। তাই আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফেনারবাচে অংশ নিতে পারবে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 18 Jul 2013, 08:26 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

সুযোগটা কাজে লাগাতে একটুও সময় নষ্ট করছে না তারা। ক্লাবের টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ফেনারবাচের সভাপতি আজিজ ইলদিরিম জানান, “ফেনারবাচে শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের ড্র-এ অংশ নেবে। নিজেদের পথে এগিয়ে চলাই আমাদের লক্ষ্য।”

ফেনারবাচের ইস্তাম্বুল-প্রতিপক্ষ বেসিকটাসকেও ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগে এক বছর নিষিদ্ধ করে উয়েফা।

দুটো ক্লাবই গত মাসে উয়েফার কাছে শাস্তি পুনর্বিবেচনার আবেদন জানায়। তবে দুই দলকেই হতাশ করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা তাদের সিদ্ধান্ত বহাল রাখে।

২০১১ সালে ম্যাচ পাতানো কেলেঙ্কারি তুরস্কের ঘরোয়া ফুটবলকে থমকে দিয়েছিল। এর ফলে ফেনারবাচে ও বেসিকটাসের বেশ কয়েক জন খেলোয়াড় ও কর্মকর্তার শাস্তিও হয়। যার মধ্যে ইলদিরিমের ৬ বছরের কারাদণ্ড হয়। আপিল করে আদালতের রায় নিয়ে তিনি অবশ্য এখন বাইরে।