লিবার্তাদোরেসের ফাইনালে হারলো মিনেইরো
কোপা লিবার্তাদোরেসের ফাইনালের প্রথম লেগে প্যারাগুয়ের অলিম্পিয়ার কাছে হেরে গেছে রোনালদিনিয়োর দল আতলেতিকো মিনেইরো।
বুধবার রাতে নিজেদের মাটিতে ব্রাজিলের মিনেইরোকে ২-০ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকার ক্লাব পর্যায়ের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্টের শিরোপা চতুর্থবার ঘরে তোলার পথে এগিয়ে গেছে অলিম্পিয়া।
খেলার ২৩ মিনিটে অলিম্পিয়ার হয়ে প্রথম গোলটি করেন আলেহান্দ্রো সিলভা। খেলার শেষ মূহুর্তে ফ্রি কিক থেকে গোল করে জয় নিশ্চিত করেন উইলসন পিত্তোনি।
মাঠে একেবারে নিষ্প্রভ ছিলেন মিনেইরোর তারকা খেলোয়াড় রোনালদিনিয়ো। এক ঘণ্টার মাথায় তাকে মাঠ থেকে তুলে নেন কোচ কুকা।
দ্বিতীয় লেগের ম্যাচটি হবে আগামী বুধবার ব্রাজিলের বেলো হরিজন্তে শহরে।
সেমিফাইনালে প্রথম লেগেও আর্জেন্টিনার নিওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে ছিল আতলেতিকো মিনেইরো। দ্বিতীয় লেগে ২-০ গোলে জেতার পর ট্রাইব্রেকারে তাদের হারিয়ে ফাইনালে উঠে ব্রাজিলের দলটি। তাই দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর আশা করতেই পারে মিনেইরো।
