২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মোরগ একটাই, সে হলো মেসি'

ব্রাজিল তারকা নেইমার বার্সেলানোয় যোগ দেয়ার পর যারা লিওনেল মেসিকে বিক্রি করে দেয়ার মত দিয়েছিলেন, তাদের জন্য একটা মন্তব্য করেছেন ক্লাব সভাপতি সান্দ্রো রোসেল, "মুরগির খামারে মোরগ থাকে একটাই।"

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 10:47 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

সান্তোস থেকে পাঁচ কোটি ৭০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নেইমার। আক্রমণভাগে তিনি জুটি বাধবেন টানা চারবার ফিফা বর্ষসেরার পুরস্কার জেতা মেসির সঙ্গে। কিন্তু বার্সেলোনার সাবেক তারকা খেলোয়াড় ও কোচ এবং বর্তমানে দলটির অন্যতম উপদেষ্টা ইয়োহান ক্রুইফের মতো কয়েকজনের ধারণা মেসি-নেইমার খুব ভালো জুটি হয়ে উঠতে পারবেন না। মেসিকে তাই বিক্রি করে দেয়ারও মত দিয়েছিলেন তিনি।

এরপর অনেক ফুটবল বোদ্ধার মতো ক্লাব সভাপতি রোসেলও মেসির অপরিহার্যতা তুলে ধরেছেন বারবার। এবারতো তিনি মোরগ-মুরগির উদাহরনই টানলেন।

কাতালান টিভি স্টেশন এইট টিভিকে তিনি বলেন "একটি খামারে দুটি মোরগ থাকে না। থাকে একটা এবং সে হলো মেসি।"

তাই বলে দলে নেয়া নেইমারের প্রশংসা করতেও ভুলেননি তিনি, "নেইমার একজন অসাধারণ খেলোয়াড় ও চমৎকার মানুষ। মেসির চেয়ে সে সেরা নয়, কিন্তু নেইমারও দেখাতে এসেছে  যে সে একজন সেরা মানের খেলোয়াড় এবং বার্সাকে সহায়তা করতে সক্ষম।

কনফেডারেশন্স কাপে অনবদ্য খেলে ব্রাজিলকে হ্যাট্রিক শিরোপা জেতানোর পথে নেইমার হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে মেসি ও নেইমারকে জুটিবেধে প্রথম খেলতে দেখা যেতে পারে আগামী ১৮ অগাস্ট লেভেন্তের বিপক্ষে।