লিভারপুলে জেরার্ডের চুক্তির মেয়াদ বাড়লো
মিডফিল্ডার স্টিভেন জেরার্ডের সঙ্গে চুক্তির মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়িয়েছে লিভারপুল।
৩৩ বছর বয়স্ক এই তারকা তার ক্যারিয়ারের ১৬তম মৌসুম শুরু করতে যাচ্ছেন অল রেডসের হয়ে।
সোমবার নতুন চুক্তির পর ক্লাবের ওয়েবসাইটে লিভারপুল অধিনায়ক জেরার্ড বলেন, "এটা আমার জন্য অনেক বড় কিছু। আমি এখানে আছি অনেক বছর ধরে। আমি আমার নিজের জন্য ও পরিবারের জন্য খুবই আনন্দিত।"
নতুন মৌসুম শুরুর আগেভাগেই নতুন চুক্তি হয়ে যাওয়ায় সন্তুষ্ট ইংলিশ মিডফিল্ডার, "এখন আমি খেলার দিকে মনোনিবেশ করতে পারব।"
ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ইয়ান আয়ার আশা করছেন, ক্যারিয়ারের শেষ পর্যন্ত লিভারপুলেই খেলবেন জেরার্ড।
"তার বর্তমান চুক্তি আরো বাড়াতে পেরে আমরা সবাই খুব আনন্দিত। এতে ক্যারিয়ারের শেষ পর্যন্ত তাকে এ ক্লাবেই রাখা যাবে।"
তিনি বলেন, "এটা ক্লাব, স্টিভেন আর ভক্ত- সবার জন্যই চমৎকার একটা খবর। সে লিভারপুলের একটা বড় অংশ ছিল এবং সবসময়ই থাকবে। এক ক্লাবেই পুরো ক্যারিয়ার কাটিয়েছে এমন খেলোয়াড় ইংল্যান্ডে দেখা যায় না বললেই চলে।"
