প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপে যাচ্ছেন জিয়া
তেমন কোনো প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপ দাবার বাছাই পর্বে খেলতে যাচ্ছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।
নকআউটভিত্তিক টুর্নামেন্টের প্রথম রাউন্ডে জিয়া মুখোমুখি হচ্ছেন ২০০৯ সালের রানারআপ ইসরাইলের গ্র্যান্ডমাস্টার বোরিস গেলফান্ডের।
আগামী ১০ অগাস্ট নরওয়ের ট্রমসোয় শুরু হচ্ছে বিশ্বকাপ দাবা। এতে বিশ্বের সেরা ১২৮ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শ্রীলংকায় এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন হবার সুবাদে টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন জিয়া।
উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ১৯৯৭ সালে বিশ্বকাপ দাবার বাছাই পর্বে প্রথম খেলার সুযোগ পেয়েছিলেন। ২০০৭ সালে দুই গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও জিয়া এবং ২০১১ সালে সর্বশেষ অংশগ্রহণ করেন জিয়া। এদের মধ্যে রাজীবই প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পেয়েছিলেন ।
যাওয়ার দিন ঘনিয়ে আসলেও স্পন্সরও পাননি জিয়া। তিনি বলেন, “দাবা ফেডারেশন ঢাকা-নরওয়ে টিকিট দিবে। কিন্তু ফেডারেশন এখনও টিকেটের টাকা যোগাড় করতে পারেনি। এ জন্য তারা স্পন্সর পাবার জন্য চেষ্টা করছে। আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই পেয়ে যাব।”
নিজের প্রস্তুতি সম্পর্কে জিয়া বলেন, “এ নিয়ে তিনবার বিশ্বকাপ দাবার বাছাই পর্বে খেলতে যাচ্ছি কিন্তু বিশেষ প্রস্তুতি নিয়ে খেলতে যেতে পারছি না। ফেডারেশনও সেরকম কোনো সহায়তা দিতে পারেনি।”
“নিজে নিজে প্রস্তুতি নিয়েই খেলতে যেতে হচ্ছে। ফলে একটি গণ্ডির বাইরে থেকে রেরিয়ে আসা সম্ভাব হচ্ছে না।”
৫ অগাস্ট নরওয়ের যাওয়ার কথা জিয়ার। সেখানে গিয়ে সম্ভব হলে বিশ্বকাপ দাবায় খেলতে আসা খেলোয়াড়দের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করবেন।
এবারের প্রতিযোগিতায় জিয়ার প্রতিপক্ষ গেলফান্ডের রেটিং হচ্ছে ২৭৭৩, বিশ্ব ্যাঙ্কিংয়ে তার অবস্থান নবম। অন্যদিকে জিয়ার রেটিং ২৪৭৫। তাই লড়াইটা জিয়ার জন্য সহজ হবে না।
এ ব্যাপারে জিয়া বলেন, “বিশ্বসেরা গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে আমার খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে কিছুটা আত্মবিশ্বাস রয়েছে ভালো করার। আমার লক্ষ্য দু’ ম্যাচের একটিতে অন্তত ড্র করার ।
