জাভির বিয়ের অনুষ্ঠানে বান্ধবীসহ মেসি
বিয়ে করেছিলেন চুপিসারে কয়েকদিন আগেই। এবার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন বেশ জাকজমকের সঙ্গেই করলেন স্পেন আর বার্সেলোনা তারকা জাভি হার্নান্দেজ, যাতে বান্ধবীকে নিয়ে যোগ দিয়েছিলেন সতীর্থ লিওনেল মেসি।
শনিবার রাতে বার্সেলোনা শহরে জাকজমকপূর্ণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সতীর্থ ভিক্টর ভালদেস, সেস ফ্যাব্রেগাস, হাভিয়ের মাসচেরানো, পেদ্রো রড্রিগুয়েজ, জর্ডি আলবা ও আন্দ্রেস ইনিয়েস্তার মতো তারকারাও।
বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোকে নিয়ে যখন মেসি অনুষ্ঠানে হাজির হন তখন আশপাশের রাস্তা ছিল লোকে লোকারণ্য।
জাভি-নুরিয়াকে শুভকামনা জানাতে মারিমুরত্রা বোটানিকাল গার্ডেনে জমকালো এই অনুষ্ঠানে এসেছিলেন আত্মীয়, বন্ধু-বান্ধব আর শুভানুধ্যায়ীরা। তবে বিদেশে থাকায় উপস্থিত থাকতে পারেননি জেরার্ড পিকে, কার্লোস পুয়োল। জাভির ঘনিষ্ঠ বন্ধু ক্যাসিয়াস ছুটি কাটাতে যাওয়ায় আসতে পারেননি।
