দল নিয়ে ডি ক্রুইফের হতাশা
শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে একাদশের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৪-২ গোলে জিতেছে জাতীয় দল। তবে জাতীয় দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ।
জাতীয় দলের চার গোলের দুটোই স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির। অন্য গোল দুটো করেন ডিফেন্ডার আরিফুল ইসলাম ও ফরোয়ার্ড সোহেল রানা। বাফুফে একাদশের দুটি গোলই করেন জীবন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শেষে ডি ক্রুইফ বলেন, “শেষ ৩০ মিনিট জাতীয় দলের পারফরম্যান্স খুবই হতাশাজনক ছিল। মনে হচ্ছিল তারা যেন খেলাই ভুলে গেছে। ফিটনেস থেকে শুরু করে মানসিক অবস্থা সব কিছুতেই দুর্বলতা ফুটে উঠছিল।”
