২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনে থেকে অ্যাথলেটদের হতাশা নিয়ে ফেরা

ভারতের পুনেতে অনুষ্ঠিত এশীয় অ্যাথলেটিক্স থেকে শূন্য হাতে ফিরতে হয়েছে বাংলাদেশের পাঁচ প্রতিযোগীকে। পাঁচ জনই বাদ পড়ে যান হিট থেকেই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 04:27 PM

Updated : 23 Aug 2022, 11:09 AM

পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে দেশের দ্রুততম মানব মেসবাহ আহমেদের টাইমিং ছিল ১০.৯৯ সেকেন্ড। যা গত এপ্রিলে বাংলাদেশ গেমসের টাইমিংয়ের চেয়ে ০.২৪ সেকেন্ড বেশি।

ঢাকায় ফিরে মেসবাহ বলেন, “বাংলাদেশ গেমসের পর অনুশীলনের তেমন সুযোগ পাইনি। তারপরও চেষ্টা করেছি ভালো করার। কিন্তু পারিনি।”

দেশের দ্রুততম মানবী নাজমুন্নাহার বিউটির ১০০ মিটারে টাইমিং ছিল ১৩.৫১ সেকেন্ড। বাংলাদেশ গেমসের (১২.৫১) চেয়ে যা পুরো এক সেকেন্ড বেশি।

এমন টাইমিংয়ে ভীষণ হতাশ বিউটি। তিনি বলেন, “প্রস্তুতি তো দূরের কথা, বাংলাদেশ গেমসের পর ওয়ার্ম-আপও করিনি। তাই এই প্রতিযোগিতায় আমাদের ভালো করা সম্ভব হয়নি।”

১০০ মিটারে শিরিন আক্তার ১২.৭৩ সেকেন্ড সময় নিয়েছেন। অথচ বাংলাদেশ গেমসে এই ইভেন্টে রুপা পাওয়া শিরিনের টাইমিং ছিল এর চেয়ে ০.১৮ সেকেন্ড কম।

২০০ মিটারে জাকিয়া সুলতানার টাইমিং ছিল ২৬.৫২ সেকেন্ড। এই ইভেন্টে বিউটি নিয়েছেন ২৭.৮৪ সেকেন্ড। বাংলাদেশ গেমসে জাকিয়া ২৫.১৩ সেকেন্ড সময় নিয়ে সোনা এবং বিউটি ২৫.৫০ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছিলেন।

বাংলাদেশ গেমসে পুরুষদের ২০০ মিটারে ২১.৫০ টাইমিং করে সোনা জেতা আবু রায়হান পুনেতে ২২.৮৬ সেকেন্ড সময় নিয়েছেন। এই ইভেন্টে মিসবাহর টাইমিং ২২.৩৫ সেকেন্ড।