ফুটবল ক্যাম্প থেকে চার জন বাদ
সাফ ফুটবলের জন্য জাতীয় দলের ক্যাম্প থেকে বৃহস্পতিবার চার জনকে বাদ দিয়েছেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ।
মিডফিল্ডার আরমান আজিজ ও শাহেদুল আলম শাহেদ, ডিফেন্ডার উত্তম কুমার বণিক এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ফারহান করিম খান বাদ পড়ায় ক্যাম্পে ২৯ জন ফুটবলার রইলেন। মঙ্গলবারই ক্যাম্পে যোগ দেন ফারহান।
বাদ পড়ার পর আরমান বলেন, “আমি ফিটনেস সমস্যায় ভুগছিলাম। লিগে নিয়মিত খেলার সুযোগ না পাওয়াই আমার ফিটনেস সমস্যার কারণ। তারপরও চূড়ান্ত দলে সুযোগ পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলাম।”
“তবে বাদ পড়লেও আমি হতাশ নই। আমি মনে করি ডি ক্রুইফের দলে থাকা ফুটবলাররা সাফে ভালোই খেলবে।”
কয়েক দিনের মধ্যে ঢাকার যে কোনো একটি ক্লাবের সঙ্গে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। এরপরই ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
