হকির সঙ্কট নিয়ে ৬ ক্লাবের বৈঠক শুক্রবার
বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচিত কমিটির অধীনে সবধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার সিদ্ধান্তে অনড় রয়েছে জোটবদ্ধ ৬ ক্লাব।
এ নিয়ে শুক্রবার দুপুরে মোহামেডান ক্লাবে আলোচনায় বসবেন ক্লাবগুলোর শীর্ষ কর্মকর্তারা।
মোহামেডানের হকি কমিটির চেয়ারম্যান শফিউল্লাহ আল-মুনীর জানিয়েছেন, “এই কমিটির অধীনে সবধরনের কর্মকাণ্ড বয়কটের সিদ্ধান্ত আগেই নিয়েছিলাম আমরা, এখনও সেই সিদ্ধান্তে অনড় আছি। শুক্রবার নিজেদের মধ্যে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।”
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পাঁচ কাউন্সিলর পরিবর্তন না করাসহ বিভিন্ন ইস্যুতে নির্বাচন থেকে সরে দাড়ায় মোহামেডান সমর্থিত পরিষদ। ঐতিহ্যবাহী ক্লাবটির নেতৃত্বাধীন ক্লাবগুলো এরপর থেকেই হকির কর্মকাণ্ড থেকে সরে থাকার সিদ্ধান্ত নেয়।
হকির বর্তমান সঙ্কটের জন্য ক্রীড়া প্রশাসনকেই দায়ী করেছেন শফিউল্লাহ আল-মুনীর। তিনি বলেন, “মোহামেডান-আবাহনীর বাইরে থাকা যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে অ্যাডহক কমিটি গঠন করা ছিল একটা গ্রহনযোগ্য সমাধান। কিন্তু এনএসসি কর্মকর্তারা সে পথে হাটেননি। এখন বরং জটিলতা আরও বাড়বে।”
গত ২০ জুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবাহনী সমর্থিত পরিষদকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। বুধবার প্রজ্ঞাপন জারি করা হয়। ফলে নির্বাচিত কমিটির ক্ষমতা গ্রহনে আর কোনো বাধা নেই।
নির্বাচিত কমিটির সধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানিয়েছেন, “আমরা এখনই নেতিবাচক বিষয়গুলো নিয়ে ভাবছি না। আমার বিশ্বাস হকির স্বার্থে সব ক্লাব এগিয়ে আসবে। আমি সবাইকে নিয়েই কাজ করতে আগ্রহী।”
