২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবার্তাদোরেসের ফাইনালে রোনালদিনিয়োর মিনেইরো

দক্ষিণ আমেরিকার ক্লাব পর্যায়ের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট কোপা লিবার্তাদোরেসের ফাইনালে উঠেছে ব্রাজিলের আতলেতিকো মিনেইরো আর প্যারাগুয়ের অলিম্পিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোটর্স ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 08:13 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

বুধবার বেলো হরিজন্তে স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্জেন্টিনার নিওয়েলস ওল্ড বয়েজকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে রোনালদিনিয়োর দল। প্রথম লেগে ০-২ গোলে হারার পর বুধবারের ম্যাচে ২-০ গোলে জেতে মিনেইরো। দুই লেগ মিলিয়ে ২-২ গোলে ড্র হওয়ায় দুই দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাবের ম্যাচ লড়াইটা গড়ায় টাইব্রেকারে।

কোপা লিবার্তোদোরেসের সেমিফাইনালের প্রথম লেগে ওল্ড বয়েজের কাছে হারার পর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর কথা বলেছিলেন মিনেইরোর প্লে-মেকার রোনালদিনিয়ো। তার পাস থেকেই প্রথম গোল করেন ব্রাজিলের ফরোয়ার্ড বার্নাড। ম্যাচের শেষ দিকে গুইলহেরমে গোল করে মিনেইরোর আশা বাঁচিয়ে রাখেন।

পেনাল্টি শুটআউটে রোনালদিনিয়ো গোল করে মিনেইরোকে ৩-২ গোলে এগিয়ে দেয়ার পর ওল্ড বয়েজের ম্যাক্সি রদরিগেজের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক ভিক্টর।

ফাইনালে আতলেতিকো খেলবে তিনবারের চ্যাম্পিয়ন প্যারাগুয়ের অলিম্পিয়ার সঙ্গে। বুধবার অপর সেমিফাইনালের দ্বিতীয় লেগে অলিম্পিয়া ১-০ গোলে কলম্বিয়ার ইনদেপেন্দিয়েন্তে সান্তা ফের কাছে হারলেও দুই লেগ মিলিয়ে ২-১ এ এগিয়ে থেকে ফাইনালে উঠে তারা।