হকিতে রহমতউল্লাহর কমিটিই ‘নির্বাচিত’
অবশেষে বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচিত কমিটির নামে প্রজ্ঞাপন জারি হয়েছে। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচন কমিশন খাজা রহমতউল্লাহর নেতৃত্বাধীন ২৮ সদস্যের কমিটিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করেছে।
গত ২০ জুন হকির নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের দিন আবাহনী সমর্থিত এই প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
শফিউল্লাহ আল মুনিরের নেতৃত্বাধীন মোহামেডান সমর্থিত প্যানেল তার আগের দিন নির্বাচন থেকে সরে দাঁড়ালে রিটার্নিং অফিসার সৈয়দা আরজুমা আক্তার রহমতউল্লাহর কমিটিকে বিজয়ী ঘোষণা করেন। নির্বাচন হওয়ার কথা ছিল ২৭ জুন।
এ প্রসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচন কমিশনার হাইয়ুল কাইয়ুম বলেন, “আমরা আইনগত দিকগুলো ভালোভাবে খতিয়ে দেখেছি। আম্পায়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রিটের কারণে প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়ানোর মতো আইনগত কোনো জটিলতা নেই।”
প্রজ্ঞাপনের ফলে খাজা রহমতউল্লাহ সাধারণ সম্পাদক, আব্দুস সাদেক, মীর্জা ফরিদ আহমেদ মিলু, সাব্বির ইউসুফ, আব্দুর রশিদ শিকদার ও মোস্তাক আলী মুকুল সহ-সভাপতি, আনভীর আদিল খান ও মোহাম্মদ ইউসুফ যুগ্ম সম্পাদক
এবং কাজী মঈনুজ্জামান পিলা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
২৮ সদস্যের কমিটিতে সদস্য-সংখ্যা ১৯ জন। তাদের মধ্যে আছেন হকির দুই সাবেক তারকা রফিকুল ইসলাম কামাল এবং মাহবুব এহসান রানাও।
