লিভারপুল ছাড়তে প্রস্তুত সুয়ারেজ
লিভারপুল স্ট্রাইকার লুইস সুয়ারেজকে কিনতে চায় কয়েকটি ক্লাব। ক্লাব ছাড়তে আগ্রহী উরুগুয়ের এই তারকা ফুটবলার নিজেই জানিয়েছেন এ কথা।
২৬ বছর বয়সী সুয়ারেজ বলেন, “বেশ কতগুলো সুযোগ আছে। দুই-তিনটা ক্লাব আমাকে পেতে চায়। লিভারপুলও এ বিষয়ে জানে।”
২১ জুলাই থেকে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু হয়ে যাবে। সুয়ারেজের ভাষ্যমতে, তার আগেই হতে পারে যেকোনো সিদ্ধান্ত।
তিনি বলেন, “ভবিষ্যতে কি হবে তা কেউ জানে না। একটা মাত্র ফোন আমার পরিকল্পনা বদলে দিতে পারে।”
“আমার এজেন্টের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রেখেছি এবং নতুন কোনো খবরের আশায় ফোনটাও সবসময় সঙ্গে রাখছি।”
বেশ কয়েক বছর ধরে মাঠে সময়টা মোটেও ভালো যাচ্ছে না ‘অল রেড’ নামে পরিচিত ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাব লিভারপুলের। ব্যর্থতা কাটিয়ে উঠতে ২০১১ সালে সুয়ারেজকে দলে টানলেও সাফল্য আসেনি।
গোল করার ক্ষেত্রে ব্যাক্তিগত সাফল্য অবশ্য পেয়েছেন সুয়ারেজ কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি তার। গত মৌসুমে লিগে করেছেন ২৩ গোল, দুই মৌসুমে লিভারপুলের হয়ে মোট করেছেন ৫১ গোল। মাঠে অসৌজন্যমুলক আচরণের দায়ে গত মৌসুমে ১০ ম্যাচ ও তার আগের মৌসুমে আট ম্যাচের জন্য বহিষ্কৃত হয়েছিলেন।
তবে কঠিন সময়ে দল সবসময়ই পাশে থেকেছে তার। তারপরও নতুন ঠিকানায় পাড়ি জমাতে চান সুয়ারেজ।
