২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজি থেকে লিওনার্দোর পদত্যাগ

ফরাসি লিগের বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) শিবিরে আরেকটি ধাক্কা। সাবেক কোচ কার্লো আনচেলত্তির পথ অনুসরণ করে বিদায় নিচ্ছেন ক্রীড়া পরিচালক লিওনার্দো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 12:48 PM

Updated : 25 Apr 2022, 06:58 PM

১৯ বছর পর গত মৌসুমে পিএসজিকে ফ্রান্সের সেরা ক্লাবের মর্যাদার আসনে বসাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন ইতালিয়ান আনচেলত্তি ও সাবেক ব্রাজিলিয়ান তারকা লিওনার্দো।

লিওনার্দোর এই পদত্যাগ ২ সেম্টেম্বর থেকে কার্যকর হবে।

লিওনার্দোর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এক বিবৃতিতে পিএসজি কর্তৃপক্ষ জানিয়েছে, “(লিওনার্দোর) সিদ্ধান্তে ক্লাব কর্তৃপক্ষ হতাশ যদিও এটার প্রতি সম্মান জানিয়েছে তারা।”

“ইউরোপিয়ান ফুটবলে পিএসজিকে আজকের এই অবস্থানে আনতে দারুণ অবদান রেখেছেন লিওনার্দো। সেজন্যে ক্লাবের পক্ষ থেকে তাকে ধন্যবাদ। ভবিষ্যতে তার ক্যারিয়ার যেন আরো সাফল্যমণ্ডিত হয়, সেজন্যে শুভকামনা রইলো।”     

তবে মাথা নিচু করেই বিদায় নিতে হচ্ছে ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী এই তারকাকে।

গত মৌসুমে ফ্রান্সের আরেক দল ভ্যালেনসিয়েনেসের সঙ্গে ১-১ গোলের ড্র ম্যাচে রেফারিকে ধাক্কা মারার দায়ে নয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। পরে ঐ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলে ফরাসি ফুটবল সংস্থা নিষেধাজ্ঞা বাড়িয়ে ১৩ মাস করেন।

সুতরাং চাকরি না ছাড়লেও একরকম বেকারই থাকতে হতো লিওনার্দোকে।