২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলবন্যার ২ ম্যাচ, বহিষ্কার ৪ ক্লাব

৭৯-০ ও ৬৭-০ – এটি নাইজেরিয়ায় একটি টুর্নামেন্টের দু’টি ম্যাচের স্কোরলাইন। প্রতিপক্ষকে ডিঙ্গিয়ে পরবর্তী ধাপে উঠতে পাল্লা দিয়ে গোল দেয়ার কলঙ্কজনক ম্যাচের পর জেতা দুই দলকেই বহিষ্কার করেছে নাইজেরিয়ার ফুটবল কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 10:27 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

গোল হজম করা দলদুটোর কপালেও জুটেছে একই শাস্তি।

প্লাটেউ ইউনাইটেড ফিডারস আর পুলিশ মেশিন এফসি একটি অপেশাদার টুর্নামেন্টে শেষ রাউন্ড খেলতে যায় সমান পয়েন্ট নিয়ে। এ টুর্নামেন্ট থেকে একটি দলের উঠার কথা নাইজেরিয়া ন্যাশনওয়াইড লিগ ডিভিশন থ্রিতে।

গোল ব্যবধান বাড়ানোর জন্য প্রতিপক্ষের সঙ্গে দুটি দলই যে আতাঁত করেছিল তা বোঝা যাচ্ছে স্কোরলাইন থেকে। প্লাটেউ ইউনাইটেড ৭৯-০ গোলে জেতে আকুরবা এফসির বিপক্ষে। আর পুলিশ মেশিন বুবায়ারো এফসিকে হারায় ৬৭-০ গোলে।

দুটো খেলাই চলছিল এক সঙ্গে। বিরতিতে যাওয়ার আগে প্লাটেউ আর পুলিশ এগিয়ে ছিল যথাক্রমে ৭ ও ৬ ব্যবধানে। কিন্তু বিরতির পর গোল ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে তারা যথাক্রমে করে ৭২ ও ৬১টি গোল।

গোল করার প্রতিযোগিতায় জিতে শেষে গোল ব্যবধানে পুলিশ মেশিনকে পেছনে ফেলে প্লাটেউ।

দল চারটিকে বহিস্কার করে নাইজেরিয়ান ফুটবল ফেডারেশনের (এনএফএফ) আয়োজক কমিটির চেয়ারম্যান বলেন, “এটা কিছুতেই মেনে নেয়া যায় না। এটা বিশাল ধরনের কেলেঙ্কারি।”

তিনি জানান, দলগুলোতে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে। আরো শাস্তির মুখোমুখি হতে পারে তারা।

এফএফএফ এর পরিচালক ড. মোহাম্মেদ সানুসি বলেন, “দলগুলো, তাদের খেলোয়াড় ও কর্মকর্তা, ম্যাচ কর্মকর্তা এবং এই ঘৃণ্য কাজের সঙ্গে জড়িত সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।”