হকির সঙ্কট নিয়ে এফআইএইচের উদ্বেগ
বাংলাদেশের হকি অঙ্গনে চলমান অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক হকি সংস্থা (এফআইএইচ)।
হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারীর প্রতিনিধি উইং কমান্ডার রাফিউল হকের কাছে উদ্বেগের কথা জানিয়েছেন এফআইএইচ কর্মকর্তা তৈয়ব ইকরাম।
হকির সঙ্কটের কারণে পিছিয়ে গেছে বেলজিয়ামের উপদেষ্টা কোচ মিশেল কিনানের বাংলাদেশ সফর। গত ২৫ জুন ঢাকায় আসার কথা ছিল তার। এ মাসের মাঝামাঝি আসতে পারেন এফআইএইচ এলিট প্যানেলের এই কোচ।
এফআইএইচের অনুদানে এক বছরের চুক্তিতে বাংলাদেশে কাজ করছেন কিনান। চুক্তি অনুযায়ী বছরে ৬ বার বাংলাদেশে আসার কথা তার। প্রত্যেক বার ১০ থেকে ১২ দিন জাতীয় দলকে কোচিং করাবেন তিনি। গত ফেব্রুয়ারিতে প্রথম সফরে বাংলাদেশ দলকে কোচিং করিয়েছিলেন কিনান।
গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন এফআইএইচ সভাপতি লিয়ান্দ্রো নেগ্রে। সে অনুযায়ী মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অত্যাধুনিক টার্ফ স্থাপনের জন্য সোয়া দুই লাখ ডলার পেতে যাচ্ছে হকি ফেডারেশন।
এর মধ্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) দেড় লাখ এবং এফআইএইচ বাকি ৭৫ হাজার ডলার দিবে। টার্ফ স্থাপনে আরও ৭৫ হাজার ডলার প্রয়োজন। এই অর্থ দিতে হবে বাংলাদেশকে।
