পাকিস্তানের সঙ্গে ফুটবল দলের প্রস্তুতি ম্যাচ
আগামী সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ বা সাফ ফুটবলের আগে বাংলাদেশ দলের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান জাতীয় ফুটবল দল।
মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, “পাকিস্তান ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা বাংলাদেশের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আগ্রহী। আমরাও তাদেরকে ‘হ্যাঁ’ বলে দিয়েছি। আগামী ১৩ অথবা ১৪ অগাস্ট প্রথম ম্যাচ এবং ১৬ অগাস্ট দ্বিতীয় ম্যাচ হতে পারে।”
সাফ ফুটবলের আগে থাইল্যান্ড এবং মালয়শিয়া জাতীয় দলের সঙ্গেও বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। ১৬ অথবা ১৭ জুলাই থাইল্যান্ড রওনা দিতে পারে বাংলাদেশ দল। থাইল্যান্ড ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলে বাফুফে সভাপতি এই সফরসূচি ঠিক করবেন।
এদিকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র-প্রবাসী ফুটবলার ফারহান করিম খান। মঙ্গলবার জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করেন তিনি।
