২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রিয়ালেই থাকছেন রোনালদো’

ক্রিস্টিয়ানো রোনালদো ক্যরিয়ারের বাকি সময়টা রিয়াল মাদ্রিদেই থাকতে চান বলে জানিয়েছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 12:16 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

২০১৫ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন ২০০৮ সালের ফিফা বর্ষসেরার পুরস্কার জেতা এই পর্তুগিজ তারকা।

গণমাধ্যমে গুঞ্জন, রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন রোনালদো। চলতি বছরের শুরু থেকে ইউরোপের সবচেয়ে সফল দলটি রোনালদোর সঙ্গে চুক্তি বাড়ানোর উদ্যোগ নিলেও তাতে গড়িমসি করছেন তিনি।

এতে রিয়াল ভক্তদের মনে উদ্বেগের জন্ম নিলেও তা উড়িয়ে দিয়ে পেরেজ বলেন, “রোনালদো রিয়াল মাদ্রিদে থেকেই অবসর নিতে চান। রিয়ালও তাই চায়।”

যুক্তরাষ্ট্রের স্প্যানিশ ভাষার টিভি চ্যানেল ইউনিভিশনকে পেরেজ আরো বলেন, “রোনালদোর চুক্তি বাড়ানো নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি কারণ তিনি ছুটিতে আছেন। নি:সন্দেহে রোনালদো এখানে খেলেই অবসর নেবেন কারণ তিনি তাই চান। ঠিক যেমনটা জিনেদিন জিদান ও অন্যান্য সেরা খেলোয়াড়েরা করেছেন।”