সিলেট স্টেডিয়াম নিয়ে অর্থমন্ত্রীর আশাবাদ
নির্ধারিত সময়ে সংস্কার কাজ শেষ করে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভেন্যুর মর্যাদা পাওয়ার ব্যাপারে আশাবাদী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার বিকেলে প্রায় ৮৭ কোটি টাকা ব্যয়ে সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিকমানে উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।
প্রকল্প উদ্বোধন করে অর্থমন্ত্রী বলেন, ‘‘এই স্টেডিয়ামে বিশ্বকাপের খেলা হবে কিনা তা নির্ভর করবে আইসিসির পরিদর্শক দলের প্রতিবেদনের ওপরে। আশা করি এখানে খেলা হবে। গ্র্যান্ড স্ট্যান্ড ভবনের পাশে ও রাস্তার জন্য জমি অধিগ্রহণ নিয়ে কিছু জটিলতা থাকলেও তা দ্রুত নিরসন হবে বলে আমি আশাবাদী।”
জুলাইয়ের শেষ দিকে অথবা অগাস্টের শুরুতে তৃতীয় ও শেষ বারের মতো ভেন্যু পরিদর্শনে আসবে আইসিসি প্রতিনিধি দল। তাদের রিপোর্টের ওপরেই নির্ভর করছে সিলেটে খেলা হবে কিনা। বিশ্বকাপের জন্য মনোনীত হলে সেপ্টেম্বরে আইসিসিকে ভেন্যু বুঝিয়ে দিতে হবে বিসিবিকে।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামের বিকল্প ভেন্যু হিসেবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামকে প্রস্তুত রেখেছে বিসিবি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ছাড়া অন্য কোথাও হওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়ে বিসিবি সভাপতি বলেন, “যথাসময়েই যে কাজ শেষ করা সম্ভব হবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে সেজন্য বাড়তি সতর্কতার প্রয়োজন।”
