২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গোল্ডেন ফুট’ পুরস্কারের জন্য মনোনীত রোনালদো

রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোসহ ১০ ফুটবলার ২০১৩ সালের 'গোল্ডেন ফুট' পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 09:37 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

২০০৩ সাল থেকে চালু হওয়া এ পুরস্কার দেয়া হয় ২৮ বছর বয়সের ঊর্ধ্বে বিশ্বের সেরা ফুটবলারকে। মনোনীতদের মধ্যে রয়েছেন, রোনালদোর ক্লাব সতীর্থ ইকার ক্যাসিয়াস এবং বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তা।

সাম্প্রতিক ফর্মের পাশাপাশি একজন ফুটবলারের পুরো ক্যারিয়ার বিবেচনা করে এ পুরস্কার দেয়া হয়। এর আগে গোল্ডেন ফুট পেয়েছেন রবার্তো কার্লোস, রোনালদিনিয়ো, ফ্রান্সিসকো টট্টি এবং গত বছর জ্লাতান ইব্রাহিমোভিচ।

প্রতিবছর মোনাকোতে দেয়া এ পুরস্কার কোনো খেলোয়াড় কেবল একবারই জিততে পারেন।

অনলাইনে ভোটাভুটিতে বিজয়ীকে নির্বাচিত করা হবে। আগামী সেপ্টেম্বরে ২০১৩ সালের ট্রফি বিজয়ীর হাতে তুলে দেবেন মোনাকোর রাজপূত্র দ্বিতীয় আলবার্ট।

এবার মনোনীতদের মধ্যে আরো রয়েছেন, স্যামুয়েল ইতো (আনঝি মাখাচকালা), আন্দ্রে পিরলো (জুভেন্টাস), দিদিয়ের দ্রগবা(গালাতাসারাই), ফ্রাংক ল্যাম্পার্ড (চেলসি), মিরোস্লাভ ক্লোসা (লাৎসিও), ডেভিড ত্রেজগে (রিভারপ্লেট) ও ডেভিড বেকহ্যাম।