২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলারকে খুন করায় মাঠেই গর্দান গেল রেফারির

ব্রাজিলে একটি অ্যামেচার ফুটবল ম্যাচ চলাকালে একটি সিদ্ধান্ত নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে খেলোয়াড়কে ছুরি মেরে বসে তরুণ রেফারি। খেলোয়াড়টি মৃত্যুর কোলে ঢলে পড়ায় একদল বিক্ষুব্ধ দর্শক রেফারিকে পিটিয়ে মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে বলে পুলিশ জানিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 08:48 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

ব্রিটেনের গার্ডিয়ানের অনলাইন সংস্করণে রোববার এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, খুনোখুনির এ ঘটনা ঘটে গত ৩০ জুন ব্রাজিলের পিও টুয়েলভ শহরে। ৩০ বছর বয়সী জোসেনির দস সান্তোস একটি সিদ্ধান্ত নিয়ে রেফারি অক্টাভিও দা সিলভার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন।

গোলমালের এক পর্যায়ে দস সান্সোস মাঠ ছাড়তে না চাইলে রেফারি সিলভা (২০) তাকে ছুরি মারেন। হাসপাতালে নেয়ার পথে সান্তোস মারা গেলে বিক্ষুব্ধ একদল দর্শক মাঠে দৌড়ে গিয়ে রেফারিকে আক্রমণ করে। পিটিয়ে ও পাথর ছুড়ে সিলভাকে হত্যা করে তার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে তারা। এক পর্যায়ে মাথাটি কাঠের লাঠিতে বিদ্ধ করে মাঠের মাঝখানে গেঁথে দেয়া হয়।

বিভাগীয় সদরদপ্তর সান্তা ইনেসের পুলিশ জানায় এ ঘটনায় ২৭ বছর বয়স্ক একজনকে গত ২ জুলাই গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে।

২০১৪ সালের বিশ্বকাপ ও রিও ডি জেনিরোতে ২০১৬ সালের অলিম্পিক আয়োজন করতে যাওয়া ব্রাজিল পর্যটকদের নিরাপত্তা নিয়ে বেশ চাপে আছে।

সম্প্রতি কনফেডারেশন্স কাপ চলাকালেই বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ।