২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন আঙ্গিকের ফুটবল লিগের পরিকল্পনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে কাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 04:06 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

পরিকল্পনা অনুযায়ী, ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতির পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে খেলা আয়োজনের চিন্তা-ভাবনা করছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

চারটি বিভাগীয় শহরে খেলা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই চারটি ভেন্যু হলো ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং খুলনা ও যশোরের মধ্যে যে কোনো একটি।

খেলা হবে সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্রবারে। এবং এক দিনেই পাঁচটি ম্যাচ হবে। অবশ্য রিজার্ভ ডে-ও থাকবে। কোনো কারণে শুক্রবার না হলে মঙ্গলবার খেলা হবে।

লিগের দল-সংখ্যা বাড়ানোরও পরিকল্পনা নিয়েছে বাফুফে। গতবার ৯টি খেললেও আগামী লিগে ১১টি দল খেলতে পারে।

গত প্রিমিয়ার লিগ থেকে আরামবাগ ক্রীড়া সংঘের অবনমন হয়েছে। আর চ্যাম্পিয়নশিপ লিগ অর্থাৎ পেশাদার লিগের দ্বিতীয় স্তর থেকে উত্তর বাড়িধারা ও চট্টগ্রাম আবাহনী প্রিমিয়ার লিগে উঠেছে। তবে দল-সংখ্যা বাড়ানোর জন্য আরামবাগকে অবনমন না-ও করা হতে পারে।

এ প্রসঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, “দলের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্য ম্যাচের সংখ্যা বৃদ্ধি করা। গত মৌসুম পর‌্যন্ত একটি দল গড়ে ২০/২২ টি ম্যাচ খেলেছিল। ফিফা আমাদের এক মৌসুমে একটি দল যেন ৩৫ থেকে ৪০টি ম্যাচ খেলতে পারে সেই পরামর্শ দিয়েছে। বাফুফে-ও একটি দল যেন অন্তত ৩০টি ম্যাচ খেলতে পারে তা নিশ্চিত করতে চায়।”

বাফুফের আরেকটি নতুন পরিকল্পনা রেলিগেশন লিগের আয়োজন। প্রিমিয়ার লিগের সবচেয়ে নিচে থাকা দুটি দল এবং চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপকে নিয়ে এই লিগ আয়োজন করতে চায় তারা।

এখন থেকে ফুটবল মৌসুমের দৈর্ঘ্য হবে ৯ মাস। অক্টোবরে ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে আগামী মৌসুম, শেষ হবে জুনে।

১৩ জুলাই বাফুফের নির্বাহী কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হবে। এই সভায় অনুমোদন হলে আগামী লিগ থেকে এ সব পরিকল্পনা কার্যকর করা হবে।