২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইম্বলডনে বার্তোলি চ্যাম্পিয়ন

উইম্বলডনের মহিলা এককের শিরোপা জিতেছেন ফ্রান্সের মারিয়ন বার্তোলি। শনিবার ফাইনালে জার্মানির সাবিন লিসিকিকে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি। পঞ্চদশ বাছাই বার্তোলির এটাই প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 06 Jul 2013, 03:04 PM

Updated : 13 Oct 2022, 02:53 PM

ছয় বছর আগে ফাইনালে উঠলেও ভেনাস উইলিয়ামসের সঙ্গে পেরে ওঠেননি। তবে এবার আর ভুল হয়নি ২৮ বছর বয়সী বার্তোলির।

প্রথম বারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা ২৩তম বাছাই লিসিকিকে প্রথম সেটে দাঁড়াতেই দেননি তিনি।

শুরুটা অবশ্য তার প্রতিপক্ষের ছিল। প্রথম সার্ভিস করার সুযোগ পান বার্তোলি এবং প্রথম সার্ভিসই ‘ব্রেক’ করে দারুণ সূচনা করেন ১৯৯৯ উইম্বলডনের পর প্রথম জার্মান মহিলা খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা লিসিকি।

তবে এরপর টানা ছয় গেম জিতে মাত্র ৩১ মিনিটে প্রথম সেট শেষ করে দেন বার্তোলি।

দ্বিতীয় সেটও একই রকম এক তরফা হতে পারতো। ৫-১ গেমে এগিয়ে থাকা বার্তোলি তিনটি ম্যাচ পয়েন্ট হাতে নিয়ে শিরোপার দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন। লিসিকি তখন অশ্রু সামলানোর আপ্রাণ চেষ্টা করছেন।

তবে এরপরই প্রথম বারের মতো প্রতিরোধ গড়ে তোলেন তিনি, জিতে নেন টানা তিনটি গেম। তবে আর বেশি কিছু করতে পারেননি জার্মান তরুণী। ম্যাচে ষষ্ঠ ‘এইস’ মেরে, এক ঘণ্টা ২১ মিনিটের লড়াই শেষ করে উইম্বলডন জয়ের আনন্দে ভেসে যান বার্তোলি।

খেলা শেষে উইম্বলডনের নতুন ‘রানী’ বলেন, “সেই ছোটবেলা থেকে এই মুহূর্তটার স্বপ্ন দেখছিলাম। এইস মেরে উইম্বলডন জয়! আমার সুদূরতম কল্পনাতেও এটা ছিল না। সত্যি বলছি, আমার বিশ্বাসই হতে চাচ্ছে না।”

চতুর্থ রাউন্ডে গতবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস এবং সেমিফাইনালে গতবারের রানার-আপ আগ্নিয়েস্কা রাদওয়ান্সকাকে হারানো লিসিকি ফাইনালে ‘ফেভারিট’ ছিলেন। কিন্তু প্রত্যাশা আর স্নায়ুর চাপেই ভেঙ্গে পড়েন তিনি।

হেরে যাওয়ার পর সে কথা জানিয়েছেন লিসিকি নিজেও। তিনি বলেন, “সমস্ত পরিস্থিতি আমাকে নিমজ্জিত করে ফেলেছিল। তবে মারিয়নকে কৃতিত্ব দিতেই হবে। এ ধরনের পরিস্থিতির সামনে সে আগেও পড়েছিল। তাই সে দক্ষতার সঙ্গে সব কিছু মোকাবেলা করতে পেরেছে।”

চ্যাম্পিয়ন হয়ে একটা ‘রেকর্ড’ও গড়েছেন বার্তোলি। ৪৭তম গ্র্যান্ড স্লামে অংশ নিয়ে প্রথম সাফল্য পেয়েছেন তিনি। এক্ষেত্রে আগের ‘রেকর্ড’ ছিল চেক প্রজাতন্ত্রের ইয়ানা নোভোতনার। ১৯৯৮ সালে ৪৫তম গ্র্যান্ড স্লামে অংশ নিয়ে প্রথম শিরোপার মধুর স্বাদ পেয়েছিলেন তিনি। সেটাও ছিল উইম্বলডনেই।