২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিটনেসে গুরুত্ব ডি ক্রুইফের

জাতীয় ফুটবল দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ জানিয়েছেন, সবার আগে খেলোয়াড়দের ফিটনেসের ওপরে গুরুত্ব দেবেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 03:00 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

সাফ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে শুক্রবার ঢাকায় আসার পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে তিনি বলেন, “নেপালে চ্যালেঞ্জ কাপের সময় খেলোয়াড়দের ফিটনেসে অনেক ঘাটতি ছিল। ফিটনেস কোচ জামালি দায়িত্ব নেয়ায় আশা করি এই সমস্যা ধীরে-ধীরে কেটে যাবে। আন্তর্জাতিক ফুটবলের পেশাদারিত্বের জন্য শরীর-মন দুটোই প্রস্তুত থাকা দরকার।”

“জামালি এবং রেনে (সহকারী কোচ রেনে কোস্টার) খেলোয়াড়দের সঙ্গে পাঁচ দিন কাটিয়েছেন। আমরা কী চাই সেই ধারণা খেলোয়াড়দের দিতে পেরেছেন তারা। এখন থেকে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকগুলো নিয়ে কাজ শুরু করবো।”

সুপার কাপের কয়েকটি ম্যাচ দেখার কারণে খেলোয়াড়দের সম্পর্কে ভালেই ধারণা পেয়েছেন ডি ক্রুইফ। তিনি জানান, “সুপার কাপের ৯টি ম্যাচ দেখে খেলোয়াড়দের সম্পর্কে ভালোই ধারণা হয়েছে। আগের বার (মার্চে) নেপালে যাওয়ার আগে খেলোয়াড়দের সম্পর্কে তেমন কিছু জানতাম না। তবে আমাদের এখন খেলোয়াড়দের সম্পর্কে ৯০-৯৫ ভাগ জানা হয়ে গেছে।”

“আমি নেতিবাচক নয়, সব কিছু ইতিবাচকভাবে দেখতে চাই। আমাদের সামনে অনেক কাজ। সেজন্য কঠোর পরিশ্রম করতে হবে।”

যত দ্রুত সম্ভব সাফ ফুটবলের জন্য চূড়ান্ত দল গড়ার কাজে নেমে পড়ার কথা জানিয়ে ডি ক্রুইফ আরো বলেন, “এখন আমাদের প্রধান কাজ চূড়ান্ত দল নির্বাচন করা। আগামী সপ্তাহের মধ্যে ৩৫ জনের প্রাথমিক দল থেকে ২৩ জন বেছে নেয়া হবে। এই দল নিয়ে আমরা প্রস্তুতির জন্য থাইল্যান্ড যাবো। ওখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে। আশা করি ২৭ অথবা ২৮ অগাস্ট নেপালে যেতে পারবো।”

আগামী ১ থেকে ১১ সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ হবে।