২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালেই থাকতে চান রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো আবারো জানিয়েছেন, রিয়াল মাদ্রিদে ‘সুখেই’ আছেন তিনি। সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন পর্তুগালের তারকা ফরোয়ার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 02:26 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

গত মৌসুমের মাঝামাঝি রিয়ালে ভালো না থাকার গুঞ্জন তৈরি করেছিলেন রোনালদো নিজেই। সাবেক কোচ জোসে মরিনিয়োর সঙ্গেও মাঝে-মাঝে তার সমস্যা হচ্ছিল। তবে সেসব আজ অতীত।

পুরনো সমস্যা ভুলে রিয়ালেই থাকতে চান দলটির হয়ে ১৯৯ ম্যাচে ২০১ গোল করা রোনালদো।

তিনি বলেন, “ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার সময় থেকে আজো ক্লাবটি আমার মনে গেঁথে আছে। সবাই জানে ক্লাবটির প্রতি আমার কতখানি অনুরাগ। কিন্তু আমার ভবিষ্যৎ এখন রিয়াল মাদ্রিদের সঙ্গে জড়িয়ে। আর আমি এখানেই থাকতে চাই।”

রোনালদো আরো বলেন, “এটা আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় নয়। আসন্ন মৌসুমের আগে এই বিষয়ে কথা বলার অনেক সময় পাওয়া যাবে। ১০ মাসের লম্বা মৌসুম শেষে এখন বিশ্রামের সময়। আমি ওখানে (রিয়ালে) খেলতে ভালোবাসি। স্পেনে আমি চার বছর ধরে খেলছি। আর সেখানেই খেলা চালিয়ে যেতে চাই।”

রেকর্ড আট কোটি পাউন্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে ২০০৯ সালে রিয়ালে যোগ দিয়েছিলেন তার আগের বছর ফিফা বর্ষসেরা ফুটবলার পুরস্কার বিজয়ী রোনালদো। রিয়ালে তার চুক্তির মেয়াদ ২০১৫ সাল পর্যন্ত।

রিয়ালের হয়ে একটি স্প্যানিশ লা লিগাসহ তিনটি শিরোপা জিতেছেন রোনালদো।