আর্জেন্টিনা-উরুগুয়েতে ২০৩০ সালের বিশ্বকাপ?
আর্জেন্টিনা ও উরুগুয়েতে যৌথভাবে ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে চায় ফিফা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হুলিও গ্রোনদোনা বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।
২০৩০ সালে বিশ্বকাপ ফুটবলের একশ’ বছর পুর্তি হবে। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এ উরুগুয়ে। উরুগুয়ের মন্টেভিডিওতে ঐতিহাসিক ফাইনালে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়েছিল স্বাগতিকরা। এজন্যই ১০০ বছর পর ল্যাতিন আমেরিকার এই দুই দেশে বিশ্বকাপ আয়োজনে আগ্রহী বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফিফার গভর্নিং বডির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্রোনদোনা আর্জেন্টিনার রেডিও টেনকে বলেন, “ফিফা বিশ্বকাপের ১০০ বছর আর্জেন্টিনা ও উরুগুয়েতে উদযাপন করতে চায়, এটা আমি নিশ্চিত করতে পারি।”
এখন পর্যন্ত একবারই যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করা হয়েছে, ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়ায়।
২০১৪ সালের বিশ্বকাপ হবে ব্রাজিলে। রাশিয়া ২০১৮ সালের বিশ্বকাপ আযোজন করবে। ২০২২ সালের বিশ্বকাপের জন্য বেছে নেয়া হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার।
দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনও ২০৩০ সালে আর্জেন্টিনা-উরুগুয়েতে বিশ্বকাপ আয়োজনের পক্ষে। ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারও লাতিন আমেরিকায় সফরগুলোর সময় এ ধারণাটি তার পছন্দ বলে জানিয়েছেন।
তবে এ ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াতে পারে ভোটের নতুন নিয়ম। রাশিয়া ও কাতারকে আয়োজক হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত সমালোচনার মধ্যে পরার পর ঠিক হয়, ২০৯ সদস্যের ফিফা কংগ্রেস ঠিক করবে কোথায় হবে বিশ্বকাপ। এর আগে ২৪ সদস্যের নির্বাহী কমিটির ভোটে নির্ধারণ হতো আয়োজক দেশ।
