লুসানে ১০০ মিটারে সবার আগে টাইসন গে
টাইসন গের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপসের প্রস্তুতিটা ভালোই হচ্ছে। সুইজারল্যান্ডের লুসানে ডায়মন্ড লিগ মিটে ১০০ মিটার দৌড়ে সবার আগে ফিনিশিং লাইনে পৌঁছেছেন তিনি।
বৃহস্পতিবার রাতে ৯.৭৯ সময় নিয়ে জ্যামাইকার আসাফা পাওয়েলকে (৯.৮৮) পেছনে ফেলেছেন ২০০৭ সালের বিশ্ব চ্যাম্পিয়ন গে। গের এই টাইমিং এ বছরের দ্বিতীয় সেরা। এ নিয়ে বছরের সেরা তিনটি টাইমিংই এই মার্কিনির দখলে গেল।
সাম্প্রতিক বছরগুলোতে চোটের কারণে ভোগার পর নিজের সেরা ফর্মে ফিরেছেন গে। মার্কিন চ্যাম্পিয়নশিপসে ১০০ মিটারে সময় নিয়েছেন ৯.৭৫ সেকেন্ড যা বছর সেরা।
বিবিসি স্পোর্টকে টাইসন গে বলেন, “আমি এখন ভালো অনুভব করছি। আমি মনে করি যে কারোও সঙ্গে জেতার আমার একটা ভালো সুযোগ রয়েছে।”
আগামী অগাস্টে মস্কোতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গতিদানব উসাইন বোল্টকে একরকম চ্যালেঞ্জই দিলেন গে।
অলিম্পিক চ্যাম্পিয়ন বোল্ট লুসান মিটে অংশ নেননি। বরং শনিবার প্যারিস মিটে ২০০ মিটারে দৌড়াবেন এই জ্যামাইকান।
