২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফে অ্যাকাডেমি নিয়ে অনিশ্চয়তা

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) বিভিন্ন নিয়মের কারণে সিলেট বিকেএসপিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অ্যাকাডেমি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 04:23 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

২০১১ সালের ১৮ ডিসেম্বরে বিকেএসপির সঙ্গে চুক্তি হলেও আজ পর্যন্ত অ্যাকাডেমির কাজ শুরু করতে পারেনি বাফুফে। সিলেট বিকেএসপির সংস্কারের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রায় ছয় মাস আগে টাকা বরাদ্দ করা হলেও এনএসসি এখনো কাজ শুরু করতে পারেনি। দুবার ব্যর্থ হওয়ার পর তৃতীয় বারের মতো দরপত্র আহ্বান করতে যাচ্ছে তারা। তাই সংস্কার কাজ শুরু হতেও দেরি হচ্ছে।

বাফুফের অভিযোগ, এনএসসির কয়েক জন কর্মকর্তা ইচ্ছা করে জটিলতা তৈরি করায় কাজ শুরু হতে দেরি হচ্ছে। এ নিয়ে বৃহস্পতিবার বাফুফের সহ-সভাপতি ও উন্নয়ন বিষয়ক কমিটির সভাপতি বাদল রায় এবং ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আব্দুর রহমানের মধ্যে কথা কাটাকাটিও হয়।

এ প্রসঙ্গে সাবেক জাতীয় ফুটবলার বাদল রায় বলেন, “আমরা জুনে অ্যাকাডেমির কার্যক্রম শুরু করতে চেয়েছিলাম। অথচ জুন পেরিয়ে জুলাই মাস চলে আসলেও এখনো সংস্কার কাজই শুরু হয়নি। কেন কাজ শুরু হচ্ছে না তাও আমরা জানি না।”

“অথচ আমরা অ্যাকাডেমির জন্য খেলোয়াড় বাছাই করে রেখেছি। কোচ চলে এসেছেন। ফিফার কাছ থেকে অ্যাকাডেমির জন্য টাকাও পেয়েছি। কিন্তু অ্যাকাডেমির কার্যক্রম শুরু করতে পারছি না।”
গোল প্রজেক্ট-৩ এর অধীনে ফিফার কাছ থেকে অ্যাকাডেমির জন্য ৭ লাখ ডলার পাওয়ার কথা বাফুফের। এরই মধ্যে তিন লাখ ডলার পেয়েও গেছে তারা।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও এ নিয়ে ক্ষুব্ধ। তিনি বলেন, “ক্রীড়া পরিষদ স্পোর্টসের জন্য ক্ষতিকর। তারা উন্নয়নের জন্য বড় বাধা। ছয় মাস আগে সংস্কারের টাকা অনুমোদন হয়েছে। অথচ তারা এই টাকা ফেলে রেখেছে। তাহলে কি তারা চান না অ্যাকাডেমি হোক?”