২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরপেক্ষ মাঠে স্পেনের বিপক্ষে জিততো না ব্রাজিল: ম্যারাডোনা

স্পেনকে একরকম উড়িয়ে দিয়েই রেকর্ড চতুর্থবারের মতো কনফেডারেশন্স কাপের শিরোপা জিতেছে ব্রাজিল। কিন্তু আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মতে, নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচটি হলে স্প্যানিশদের কিছুতেই হারাতে পারতো না ব্রাজিল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 01:24 PM

Updated : 25 Apr 2022, 06:56 PM

বান্ধবীকে নিয়ে ইন্দোনেশিয়া সফররত ম্যারাডোনা সাংবাদিকদের বলেন, “স্পেনের ভাগ্য খারাপ ছিল, কারণ টুর্নামেন্টটি ব্রাজিলে হয়েছে। জেতার মতোই খেলছিল স্প্যানিশরা। খেলাটি নিরপেক্ষ ভেন্যুতে হলে ব্রাজিল তাদেরকে হারাতে পারতো না।”

সর্বোচ্চ পাঁচ বার বিশ্বকাপ জেতা ব্রাজিল সবগুলো শিরোপাই জিতেছে নিরপেক্ষ মাঠে।

টানা চারবারের ফিফা বর্ষসেরা লিওনেল মেসির শ্রেষ্টত্ব নিয়েও মন্তব্য করেছেন ফুটবল কিংবদন্তি। ক্লাব সতীর্থ নেইমার ও প্রতিদ্বন্দ্বী ক্লাবের ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে মেসিকে এগিয়ে রাখতে তিনি বলেন, “মেসি বিশ্বসেরা। সে এখনো নেইমার ও রোনালদোর চেয়ে সেরা।”

ব্রাজিলকে কনফেডারেশন্স কাপের হ্যাট্রিক শিরোপা এনে দেয়া নেইমার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ হবে আর্জেন্টিনার প্রতিবেশী দেশ ব্রাজিলে। ৫২ বছর বয়সী ম্যারাডানার আশা- তৃতীয়বারের মতো বিশ্ব সেরার মুকুট পড়বে তার দেশ।

“আগামী বছরের বিশ্বকাপ যাবে দক্ষিণ আমেরিকানদের কাছে। আশা করি আর্জেন্টিনা তাতে চ্যাম্পিয়ন হবে।”