২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টটেনহ্যামে যাচ্ছেন ব্রাজিলের পলিনিয়ো

স্বদেশের ক্লাব করিন্থিয়ান্স ছেড়ে ইংল্যান্ডের দল টটেনহ্যাম হটস্পারে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার পলিনিয়ো।

রয়টার্স

.

রয়টার্স

Published : 02 Jul 2013, 12:27 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

কনফেডারেশন্স কাপে তৃতীয় সেরা খেলোয়াড়ের সম্মান (ব্রোঞ্জ বল) জেতা পলিনিয়ো ইতোমধ্যে টটেনহ্যামের প্রস্তাবে রাজি হয়েছেন বলে জানিয়েছেন।

আগামী মৌসুমের আগেই ইংলিশ দলটির সঙ্গে যোগ দেবেন ২৪ বছর বয়সী এই খেলোয়াড়।

সোমবার সাবেক ক্লাবকে বিদায় জানিয়ে অশ্রুশিক্ত চোখে পলিনিয়ো বলেন, “গত তিনটা বছর এই দলের জয়ের সঙ্গী হতে পারা এবং অসাধারণ সব মানুষের সঙ্গে কাজ করতে পারাটা ছিল দারুণ এক অভিজ্ঞতা।”

“সব কিছুর পরে আমি একটা কথাই বলতে চাই, আবারো আমি ফিরে আসবো”, যোগ করেন তিনি।

টটেনহ্যামের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত না জানানো হলেও গণমাধ্যমের খবর, পলিনিয়োকে পেতে দুই কোটি ইউরো (প্রায় দুই কোটি ৬০ লাখ ডলার) গুণতে হচ্ছে দলটিকে।

২০১০ সালে করিন্থিয়ান্সে যোগ দেওয়ার পর থেকে ১৬৭ ম্যাচে খেলে ৩৪ গোল করেছেন ২৪ বছর বয়সী পলিনিয়ো।

জাতীয় দলের হয়ে ১৭ ম্যাচে তার গোলসংখ্যা পাঁচটি। কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ে জয়সূচক গোলটি ছিল তারই।