পা মাটিতেই আছে নেইমারের
বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে কনফেডারেশন কাপের শিরোপা জেতা উড়ন্ত ব্রাজিলের স্ট্রাইকার নেইমার বললেন, তার পা মাটিতেই আছে।
মারাকানা স্টেডিয়ামে রোববার রাতের ফাইনালে নেইমারের চতুর্থ গোলে ব্রাজিল ৩-০ গোলে বিধ্বস্ত করেছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে।
সান্তোস থেকে ৫ কোটি ৭০ লাখ ইউরোতে বার্সেলোনাতে যোগ দেয়া নেইমার কনফেডারেশন কাপ কভার করতে আসা সাংবাদিকদের ভোটে জিতেছেন গোল্ডেন বল।
বিশ্ব চ্যাম্পিয়ন আর টানা দুই বারের ইউরোপীয় চ্যাম্পিয়নকে মাটিতে নামিয়ে আনার পর উচ্ছ্বাসে মেতে ওঠা সহযোদ্ধাদের শান্ত থাকতে বললেন ২১ বছর বয়স্ক নেইমার।
"এসো, আমরা শান্ত থাকি, আমাদের পা মাটিতে রাখি। আমরা খুব ভালো খেলেছি এবং ঠিক পথেই আছি।"
আগামী বছর নিজেদের মাটিতে বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার স্বাগতিকরা। আর কনফেডারেশন কাপ যে সেটার প্রস্তুতি-সেটাই মনে করিয়ে দিলেন তিনি।
"আমাদের ঝালিয়ে নেয়ার জন্য এ সময়টার প্রয়োজন ছিল। আমাদের একে অপরের সঙ্গে বোঝাপড়া গড়ার আর একসঙ্গে কাজ করার এই সুযোগটা দরকার ছিল। এখন আমরা আগের চেয়ে অনেক উন্নতি করেছি। আমরা শিরোপাটা জিতেছি, একটা চমৎকার টুর্নামেন্টের একটা চমৎকার সমাপ্তি ঘটলো।"
গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচে তিন গোল নেইমারের। জাপানের বিরুদ্ধে অসাধারণ এক গোলে টুর্নামেন্ট শুরু। গোল করেন মেক্সিকো আর ইতালির বিপক্ষে।
আর জো, ফ্রেড আর পাওলিনহোদের গোলগুলোর পেছনেও ভূমিকা ছিল ব্রাজিল দলের ‘প্রাণভোমরার’। তাই গ্রুপ পর্বের প্রতিটিতেই জিতেছেন ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার।
স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা আর ব্রাজিলের পাওলিনহো যথাক্রমে পেয়েছেন দ্বিতীয় ও তৃতীয় টুর্নামেন্ট সেরার পুরস্কার।
স্পেনের ফার্নান্দো তোরেস পাঁচ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। ফাইনালে দুই গোল করা ব্রাজিলের ফ্রেডেরও মোট গোল ৫টি। কিন্তু তোরেসের চেয়ে এক ম্যাচ বেশি খেলায় পুরস্কারটি জোটেনি তার ভাগ্যে।
সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লোভ পুরস্কার জিতেছেন ব্রাজিলের জুলিও সিজার। ফিফা ফেয়ার প্লে ট্রফি পেয়েছে স্পেন।
