২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের ‘হ্যাটট্রিক’ শিরোপা

অন্য সময় যেমনই হোক, কনফেডারেশন্স কাপ মানেই ব্রাজিলের সাফল্যের জয়গান। রোববার (বাংলাদেশ সময় সোমবার ভোর) আরো একবার তা প্রমাণিত। বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনকে ফাইনালে দাঁড়াতেই দেয়নি স্বাগতিকরা, জিতেছে ৩-০ গোলের সুস্পষ্ট ব্যবধানে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 01 Jul 2013, 02:15 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে তিন গোলের দুটোই স্ট্রাইকার ফ্রেডের। অন্যটির গোলদাতা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নেইমার।

ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল স্পেন শুধু পর্যুদস্তই হয়নি, সার্জিও রামোসের পেনাল্টি মিস এবং নেইমারকে মারাত্মক ফাউল করে জেরার্ড পিকের লাল কার্ড ভীষণ লজ্জায়ও ফেলেছে তাদের।

টানা ২৯টি প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত থাকার পর স্প্যানিশদের যে এভাবে হারতে হবে, তা-ই বা কে ভাবতে পেরেছিল! গত বিশ্বকাপে সুইজারল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর প্রতিযোগিতামূলক ফুটবলে এটাই তাদের প্রথম হার। প্রীতি ম্যাচের হিসাব ধরলে স্পেন সর্বশেষ হেরেছিল ২০১১ সালের নভেম্বরে, ইংল্যান্ডের কাছে।

দুই সপ্তাহ আগে জাপানের বিপক্ষে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচের তৃতীয় মিনিটে নেইমারের বুলেট-গতির শট ব্রাজিলকে এগিয়ে দিয়েছিল। ফাইনালেও শুরুতেই এগিয়ে যায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার মাত্র দ্বিতীয় মিনিটেই।

ডান দিক থেকে আসা একটি ক্রস বক্সের মধ্যে থাকা নেইমার ঠিক মতো পায়ে জমাতে পারেননি। স্পেনের ডিফেন্সও পারেনি বিপদমুক্ত করতে। মাটিতে পড়ে যাওয়া ফ্রেড কিছুটা অস্বস্তিকর অবস্থায় বল পেয়ে যান। তবে বসে পড়া অবস্থাতেই স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে বোকা বানিয়ে জালে পাঠিয়ে দেন তিনি। অষ্টম মিনিটে অস্কারের অমার্জনীয় ভুলে ব্রাজিল আরেকটি গোলের দেখা পায়নি। ফ্রেডের চতুর ব্যাকহিল অরক্ষিত অবস্থায় পেয়ে গেলেও বাইরে মেরে দেন অস্কার। ১৪ মিনিটে আবার মারাকানায় হতাশার দীর্ঘশ্বাস। পলিনিয়োর দারুণ এক ভলি কোনো রকমে ঠেকিয়ে দলকে রক্ষা করেন ক্যাসিয়াস। ব্রাজিলের একের পর এক আক্রমণে বিপর্যস্ত স্পেন কিছুক্ষণ পর আরেকটি বিপদ থেকে রক্ষা পায়। একটা পাল্টা আক্রমণ থেকে মাঝ বৃত্তের ভেতরে বল পেয়ে গিয়েছিলেন নেইমার। স্পেনের ডিফেন্সে তখন আলভেরো আরবেলোয়া ছাড়া আর কেউ নেই। নিরুপায় আরবেলোয়া নেইমারকে ফাউল করে, হলুদ কার্ডের বিনিময়ে সে যাত্রা রক্ষা করেন দলকে। প্রথমার্ধে স্পেনের বলার মতো সুযোগ একটাই। সেটা অবশ্য সুবর্ণ সুযোগ। ৪১ মিনিটে হুয়ান মাতার থ্রু ধরে ব্রাজিলের বক্সের ঠিক বাইরে থেকে কোনাকুনি শট নিয়েছিলেন পেদ্রো। গোলরক্ষক জুলিও সিজারকে পরাস্ত করে বল পোস্টে চলেও যাচ্ছিল। কিন্তু গোল লাইনের ঠিক সামনে থেকে অবিশ্বাস্যভাবে বল বাইরে পাঠিয়ে দেন ডেভিড লুইজ। স্পেনের সমতা ফেরানোর নিশ্চিত সুযোগ হাতছাড়া করার ঠিক তিন মিনিট পর ব্রাজিলের দ্বিতীয় গোলের জন্ম। অস্কারের সঙ্গে বল দেয়া-নেয়া করে একটি আক্রমণ গড়ে তুলে বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোল। পলিনিয়োর পাস ধরে কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলের আনন্দে মেতে ওঠেন ফ্রেড। ম্যাচের ফলাফল নিয়ে সংশয়েরও সেখানেই সমাপ্তি। তবে স্প্যানিশদের লজ্জার সমাপ্তি ঘটেনি। মাত্রই মাঠে নামা জেসাস নাভাসকে বক্সের মধ্যে অহেতুক ফাউল করে স্পেনকে পেনাল্টি ‘উপহার’ দেন মার্সেলো। শট নিতে আসেন মার্সেলোর রিয়াল মাদ্রিদ সতীর্থ রামোস। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের হতাশ করে বল চলে যায় সাইড বার ঘেঁষে। ৫৫ মিনিটের ঐ ঘটনার ১৪ মিনিট পর স্পেনের জন্য আরেকটি ‘লজ্জা’। পাল্টা আক্রমণ থেকে গোল করতে উদ্যত নেইমারকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন পিকে। এরপর পেদ্রো ও আরেক বদলি ডেভিড ভিয়া পোস্ট লক্ষ্য করে শট নিলেও সিজারকে ফাঁকি দেয়া সম্ভব হয়নি স্পেনের। গত কয়েক মাসের ব্যর্থতায় ফিফা র‌্যাঙ্কিংয়ে ২২ নম্বরে নেমে যাওয়া ব্রাজিল তাই আবারো কনফেডারেশন্স কাপে চ্যাম্পিয়ন। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে ফ্রান্সকে এক প্রীতি ম্যাচে হারিয়েছিল তারা। এরপর ইতালি, উরুগুয়েকে হারিয়ে ফাইনালে উঠে পরাক্রমশালী স্পেন ‘বধ’। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী কোচ লুই ফেলিপে স্কলারির কণ্ঠে তাই বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। খেলা শেষে তিনি বলেন, “আমরা চার বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে খেলেছি। তাই আমাদের আত্মবিশ্বাস কিছুটা হলেও বেড়েছে। আর আমরাও এটাই চাইছিলাম।” “আজ আমাদের দলের খেলোয়াড়রা দুর্দান্ত খেলেছে। আমি নিজের ইচ্ছা মতো খেলোয়াড়দের ব্যবহার করেছি এবং কেউ আমাকে একটুও হতাশ করেনি।” ফুটবল-ইতিহাসের প্রথম দল হিসাবে ইউরো-বিশ্বকাপ-ইউরো জিতলেও বিশ্বকাপের ‘মহড়া’ প্রতিযোগিতা কনফেডারেশন্স কাপের শিরোপা এবারো অধরাই রয়ে গেল স্পেনের। তাদের কোচ ভিসেন্তে দেল বস্ক অবশ্য এমন ‘আত্মসমর্পণ’-এর পরও আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করছেন। খেলা শেষে তিনি বলেন, “দুই অর্ধেরই শুরুর দিকে দুর্ভাগ্য তাড়া করেছিল আমাদের। ১-১ হওয়ার বদলে প্রথমার্ধের শেষ মুহূর্তে আমরা ২-০ গোলে পিছিয়ে পড়েছি। তবে আমি এই হারের কোনো অজুহাত দিতে চাই না। ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে আর এটাই শেষ কথা।”