২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুফনের নৈপুণ্যে ইতালি তৃতীয়

স্পেনের কাছে টাইব্রেকারে হেরে ফাইনালে উঠতে পারেনি। তবে কনফেডারেশন্স কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের নৈপু্ণ্যে উরুগুয়েকে টাইব্রেকারেই হারিয়েছে ইতালি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 07:38 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

রোববার আটলান্টিক তীরবর্তী সালভাদরে নির্ধারিত ৯০ মিনিট শেষে ২-২ গোলে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটে কোনো গোল হয়নি।

২৪ মিনিটে ডিফেন্ডার দাভিদে আস্তোরির গোলে এগিয়ে যায় ইতালি। ৫৮ মিনিটে উরুগুয়েকে সমতায় ফেরান এদিনসন কাভানি।

৭৩ মিনিটে মিডফিল্ডার আলেসান্দ্রো দিয়ামান্তির গোল দ্বিতীয় বারের মতো এগিয়ে দেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কিন্তু পাঁচ মিনিট পরই নাপোলি স্ট্রাইকার কাভানির দ্বিতীয় গোল আবার সমতা নিয়ে আসে খেলায়।

এরপর দুই দল অনেক চেষ্টা করলেও আর গোলের দেখা পায়নি। ১১০ মিনিটে ইতালির মিডফিল্ডার রিকার্দো মন্তোলিভো দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে গেলেও বাকি দশ মিনিট একজন বেশি নিয়ে খেলার সুযোগ কাজে লাগাতে পারেনি উরুগুয়ে।

তাই টাইব্রেকারের ‘লটারি’র সামনে দাঁড়াতে হয় দুই দলকে। স্পেনের বিপক্ষে সাফল্য না পেলেও রোববার তিনটি শট ঠেকিয়ে ইতালির জয়ের নায়ক বুফন।

তাই বিশ্বকাপের মতো কনফেডারেশন্স কাপেও চতুর্থ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে লাতিন আমেরিকান চ্যাম্পিয়ন উরুগুয়েকে।