ঢাকায় দুই প্রবাসী ফুটবলার
রোববার ঢাকায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া ও আনন্দ রহমান।
সকালে এসেই সাফ ফুটবলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন তারা। বিকেলে অংশ নিয়েছেন অনুশীলনেও।
আগামী সেপ্টেম্বরে কাঠমান্ডুতে অনুষ্ঠেয় সাফ ফুটবলের জন্য ঘোষিত ৩৫ জনের প্রাথমিক দলে থাকা দুই ফুটবলারই চূড়ান্ত দলে জায়গা পাওয়ার ব্যাপারে আশাবাদী।
ডেনমার্কের দ্বিতীয় বিভাগের দল হেলারাপ আইকে’র মিডফিল্ডার জামাল বলেন, “আমার স্বপ্ন বাংলাদেশের জাতীয় দলে খেলা। কাজটা অবশ্য সহজ নয়। তবে সুযোগ পেলে নিজের সেরাটা ঢেলে দেয়ার চেষ্টা করব।”
“আমি বাংলাদেশের খেলা দেখেছি। বাংলাদেশের ফুটবলারদের খেলা ভালো, তবে গতি বেশ মন্থর। এখানকার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কথা কিছুটা জানি। আতিকুর রহমান মিশু আমার বন্ধু।”
বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে নিজের তুলনা করতে গিয়ে জামাল বলেন, “আমরা সবাই একই মানের। মাঠে নামলেই বোঝা যাবে কে এগিয়ে, কে পিছিয়ে। এখন বৃষ্টি হলেও এই আবহাওয়ায় আমার কোনো সমস্যা নেই। আমি বৃষ্টি পছন্দ করি।”
“প্রথম দিন এসে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে। দু-তিন দিন পর সব ঠিক হয়ে যাবে।”
জামাল এর আগে ২০১১ সালে ঢাকায় এসেছিলেন। সে সময় বাংলাদেশ দলের সঙ্গে কয়েক দিন অনুশীলনও করেছিলেন।
