হকির দলবদল স্থগিত
স্থগিত হয়ে গেছে প্রিমিয়ার হকি লিগের দলবদল। রোববার বাংলাদেশ হকি ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২ থেকে ৪ জুলাই দলবদল হবে না।
নির্বাচিত কমিটি ক্ষমতা গ্রহণের পর দলবদলের নতুন তারিখ ঘোষণা করা হবে।
গত ২০ জুন খাজা রহমতউল্লাহর নেতৃত্বাধীন আবাহনী সমর্থিত প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাচন কমিশন। তবে এর পর ১০ দিন কেটে গেলেও প্রজ্ঞাপন জারি করতে পারেনি এনএসসি।
নির্বাচিত কমিটি ক্ষমতা গ্রহণ করতে না পারায় দলবদলও পিছিয়ে দেয়া হয়েছে।
নির্বাচনের আগে রহমতউল্লার নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি পদত্যাগ করেছিল। নতুন নির্বাচিত কমিটি ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত অর্ন্তবর্তীকালীন কমিটি দায়িত্ব পালন করবে।
নির্বাচন বর্জন করা মোহামেডানের ‘অনুসারী’ ৭টি ক্লাব হকির কোনো কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে। তাই নতুন কমিটি দায়িত্ব নেয়ার পরও দলবদল হবে কিনা তা অনিশ্চিত।
দলবদল না হলে হকি খেলোয়াড়দের আন্দোলনে নামা প্রায় নিশ্চিত। নির্ধারিত সময়ে দলবদল না হলে এশিয়া কাপের ক্যাম্প বর্জন করার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তারা।
সব মিলিয়ে দেশের হকি-অঙ্গন এখন জটিলতার বৃত্তে বন্দী।
